বিদেশি পরাশক্তিকে ‘মাথা ফাটানোর’ হুমকি জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সতর্ক করে দিয়েছেন যে তার দেশকে ভয়ভীতি দেখাতে কিংবা প্রভাব খাটানোর চেষ্টা করলে বিদেশি শক্তির "মাথায় প্রচণ্ড আঘাত করা হবে।"

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শতবর্ষে পদার্পণ উপলক্ষে বৃহস্পতিবার ( ১ জুলাই) রাজধানী বেইজিংয়ের ঐতিহাসিক তিয়ানআনমেন স্কয়ারে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এ কথা বলেন তিনি। শি বলেছেন বেইজিং কোনো ধরনের "হিতোপদেশ" মেনে নেবে না। ধারণা করা হচ্ছে যে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করেই তিনি এই মন্তব্য করেছেন।

চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং হংকং-এ দমন-পীড়ন চালানোর অভিযোগ ও সমালোচনার মধ্যেই প্রেসিডেন্ট শি এই বক্তব্য দিলেন। বাণিজ্য, গুপ্তচরবৃত্তি এবং কোভিড মহামারিকে কেন্দ্র করে সম্প্রতি চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপড়েন তৈরি হয়েছে।

তাইওয়ানের বিষয়টিও উত্তেজনার আরো একটি বড় কারণ। গণতান্ত্রিক তাইওয়ান যেখানে নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে মনে করে, চীন মনে করে তাইওয়ান তাদের ভূখণ্ডেরই একটি অংশ।

তিয়েন আনমেন স্কয়ারে যে মঞ্চে দাঁড়িয়ে ১৯৪৯ সালে মাও সেতুং পিপলস রিপাবলিক অব চায়নার ঘোষণা দিয়েছিলেন সেখান থেকেই শি বলেন, ‘চীন কে বোকা বানানোর দিন চলে গেছে’। তিনি আয় বৃদ্ধি ও জাতীয় গর্ব পুনরুদ্ধারের জন্যে পার্টির প্রশংসা করেন। এ সময়ে তার মাথার উপর ঝুলছিল মাও সেতুংয়ের বিশাল বড়ো প্রতিকৃতি। 

শি বলেন, এই পার্টি জাতীর পুনরুজ্জীবন ঘটিয়েছে। দারিদ্রের কবল থেকে নিষ্কৃতি দিয়েছে লাখ লাখ চীনাকে। পাল্টে দিয়েছে বিশ্ব উন্নয়নের মানচিত্র।

ইত্তেফাক/এএইচপি