কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার দোলেশ্বর এলাকায় যৌতুকের দাবিতে শাকিলাকে (১৯) হত্যার অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, হত্যার আগে তার স্বামী বিভিন্ন সময় নির্যাতন করে আসছিল। শনিবার রাতে যৌতুকের জন্য শাকিলাকে শারীরিকভাবে নির্যাতন করে তার স্বামী। নির্যাতনের একপর্যায়ে শাকিলা রাত ৩টায় মারা যান। পরে লাশ কৌশলে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখে। পরে আত্মহত্যা বলে সবাইকে জানিয়ে দেয়। থানার এস আই লিয়াকত হোসেন জানান, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যার অভিযোগে ও জিজ্ঞাসাবাদের জন্য ঘটনাস্থল থেকে নিহতের স্বামী হাসানকে আটক করেছে পুলিশ। নিহতের ১১ মাসের একটি শিশুসন্তান রয়েছে। আটককৃত স্বামী হাসানের দাবি তার স্ত্রী অভিমান করে আত্মহত্যা করেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে।