মোদি-মমতার জন্য ২৬০০ কেজি আম পাঠালেন প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য মৌসুমি ফল আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আম পাঠানো বিষয়ে কাস্টমসের কার্যক্রম সম্পন্ন করেছে সিঅ্যান্ডএফ এজেন্ট রবি এন্টারপ্রাইজ।

গতকাল রবিবার দুপুরে বেনাপোল স্থলবন্দর ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে ভারত ও বাংলাদেশের পেট্রাপোল ও বেনাপোল শুল্ক স্টেশনের জিরো পয়েন্টে কলকাতাস্থ ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) মো. সামিউল কাদের উপহারের আম বোঝাই ট্রাকটি বুঝে নেন। উপহারসামগ্রীর মধ্যে ছিল হাড়িভাঙা জাতের দুই হাজার ৬০০ কেজি আম।

এসময় উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা, নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার, কাস্টমসের ডিসি অনুপম চাকমাসহ আরো অনেকে।

প্রসঙ্গত, এই আম সংগ্রহ ও সম্পূর্ণ বিতরণ কার্য সম্পাদনের জন্য এগ্রোভিশন লিমিটেডকে দায়িত্ব প্রদান করা হয়। তারা রাজশাহী, রংপুর থেকে আম সংগ্রহ ও প্যাকেজিংয়ের কাজ সম্পাদন করে। এগ্রোভিশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজীব দেব জানান, আগামী ৭ জুলাইয়ের মধ্যে আখাউড়া, তামাবিল, ডাউকি বিভিন্ন স্থল বন্দর দিয়ে ত্রিপুরা, আসাম, মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে উপহার হিসেবে আম পাঠানো হবে। এছাড়া পর্যায়ক্রমে মধ্যপ্রাচ্যের সব দেশে শুভেচ্ছা উপহার হিসেবে আম পাঠানোর কাজ সম্পন্ন করা হবে।