সড়ক-গলিতে চলাচল বাড়ছে, গ্রেফতার ৬১৮

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের গত তিন দিনে ঢাকায় রাস্তায় বেরিয়ে গ্রেফতার হয়েছে প্রায় ২ হাজার মানুষ। তার পরও চতুর্থ দিন গতকাল রবিবার রাজধানীতে চলাচল আরো বেড়েছে। গতকাল রবিবার ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রধান সড়ক অনেকটা ফাঁকা থাকলেও অলিগলি ও কাঁচাবাজারে মানুষের ভিড় আগের তিন দিনের চেয়ে বেশি। কারো কারো মাস্ক ঝুলছে থুতনিতে। কাঁচাবাজার, মাছের দোকানে গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে দরদাম চলছে। গলির ভেতরে খাবারের হোটেলে নাশতা কেনার জন্য জটলা করছে অনেকে। ছবি তুলতে দেখলে কেউ কেউ একটু সতর্ক হয়, থুতনি থেকে মাস্ক নাকে-মুখে ওঠে। প্রশ্ন করলে কেউ আমতা আমতা করে, কেউবা প্রকাশ করে বিরক্তি।

তবে প্রধান সড়কগুলোতে গত তিন দিনের মতোই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেশ তত্পর দেখা গেছে। গতকাল রাজধানীতে গ্রেফতার হয়েছে ৪২৯ জন। এছাড়া ট্রাফিক বিভাগ ৩০৯টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়ে জরিমানা করেছে ৮ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।

মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি)  ইফতেখারুজ্জামান জানান,  গ্রেফতারকৃতরা বিনা কারণে ঘর থেকে বের হয়েছে কিংবা স্বাস্থ্যবিধি মানছিল না। মূলত এ কারণেই মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স অ্যাক্টে মামলা করে। তাদের এই মামলায়  গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে লকডাউনের প্রথম দিনে ৫৫০, দ্বিতীয় দিনে ৩৪৬ ও তৃতীয় দিন ৬২১ জনকে গ্রেফতার করা হয়। ভ্রাম্যমাণ আদালত দিয়ে উপযুক্ত জবাব দিতে না পারায় ঐ সব ব্যক্তিকে জরিমানা করা হয়। আর যেসব গাড়িকে জরিমানার আওতায় আনা হয়েছে, তারা শুধু স্বাস্থ্যবিধিই অমান্য করেনি, গাড়ির কাগজপত্রও ঠিক ছিল না। মূলত এ কারণেই গাড়িগুলোর বিরুদ্ধে মামলা হয়েছে। পাশাপাশি অনেককেই বাসায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

মাদকের বিরুদ্ধে র্যাবের হুঁশিয়ারি

এদিকে কঠোর বিধিনিষেধকে পুঁজি করে যারা মাদক ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে র?্যাব। গতকাল দুপুরে রাজধানীর উত্তরা সোনারগাঁও জনপথ রোডের যমযম টাওয়ারের সামনে র?্যাবের করোনা পরিস্থিতি নিয়ে স্পট ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন বাহিনীর মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।

র?্যাবের এই কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র?্যাব জানতে পারে, একশ্রেণির অসাধু মাদক কারবারি ও চোরাকারবারি ট্রাক ও কাভার্ড ভ্যানে জরুরি পণ্যের আড়ালে মাদক পরিবহন করছে। এদের বিরুদ্ধে র?্যাব কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। র?্যাবের মুখপাত্র বলেন, ‘গতকাল আমরা বলেছি, যারা পাড়া-মহল্লায়ও জমায়েত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধেও র?্যাব অভিযান পরিচালনা করবে। শনিবার থেকেই র?্যাব পাড়া-মহল্লায় অভিযান শুরু করে। পাড়া-মহল্লার ভেতরে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে, মাইকিং করা হয়েছে এবং মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়া পাড়া-মহল্লার বিভিন্ন চায়ের দোকানে বসে অনেক লোককে চা খেতে দেখেছি। তাদের অনুরোধ করা হয়েছে বাসায় থাকার জন্য।’