ডিএনসিসি ডিজিটাল পশুর হাটের যাত্রা শুরু

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সশরীরে কোরবানির পশুর হাটে বেচাকেনা এড়াতে যাত্রা শুরু করল ডিএনসিসি ডিজিটাল হাট। শুধু ঢাকা উত্তর সিটি করপোরেশনই নয়, এর বাইরের যে কেউ অনলাইনে এই হাট থেকে গবাদি পশু ক্রয় করতে পারবেন। প্রাথমিকভাবে হাটে ১ লাখ গবাদি পশু বিক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

গতকাল রবিবার অনলাইনে এই হাটের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারি এই সেবাগুলো দিনদিন আধুনিক উপায়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে। এতে মানুষ উপকৃত হবে। উদ্বোধনের পর তিনি এই হাট থেকে অনলাইনে একটি দেশীয় জাতের গরু ক্রয় করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ( ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মত্স্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, ‘গত দুটি কোরবানির ঈদে আমরা দেশের বাইরে থেকে গবাদি পশু আসতে দেইনি। তাতে পশুর কোনো সংকট হয়নি। এবার দেশের বাইরে থেকে কোনো               গবাদি পশু আসতে দেওয়া হবে না। কারণ আমাদের খামারিদের কথা মনে রাখতে হবে।’ এবার কোরবানির জন্য প্রায় ১ কোটি ১৯ লাখ গবাদি পশু প্রস্তুত আছে উল্লেখ করে তিনি বলেন, খামারিরা অনেক কষ্ট করে খামার তৈরি করেছেন, বিনিয়োগ করেছেন। তাদের পশু বিক্রি হবে না, বাইরে থেকে আসবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ‘বিদ্যমান করোনা মহামারি চলাকালে এই হাট আমাদের জন্য খুবই সহায়ক এবং সময়োপযোগী। হাটে ক্রেতা ও বিক্রেতার আস্থা ও আর্থিক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হবে। অনলাইনে যারা গবাদিপশু ক্রয় করবেন, তাদের কোনো হাসিল দিতে হবে না।’ মেয়র বলেন, ডিএনসিসির নিজস্ব ব্যবস্থাপনায় স্লটারিং হাউজে বিজ্ঞানসম্মতভাবে এবার ১ হাজার কোরবানির পশু জবাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে। ২৫টি ফ্রিজার ভ্যানের মাধ্যমে কোরবানি করা গবাদি পশুর গোশত যথাযথভাবে পৌঁছানোর ব্যবস্থা করা হবে এবং ‘মানবসেবা’ নামক একটি এনজিওকে চামড়া দিয়ে দেওয়া হবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন বাণিজ্য মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইক্যাব, বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন, বিজনেস প্রমোশন কাউন্সিল, এটুআই-একশপ প্রভৃতির সহযোগিতায় ‘ডিএনসিসি ডিজিটাল হাট-২০২১’ বাস্তবায়ন করছে।

গতকাল হাটের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, ই-কমার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শমী কায়সার ও ডেইরি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ভার্চুয়ালি অংশ নেন।