চিকিত্সককে জরিমানা করায় ইউএনও প্রত্যাহার

লকডাউনে এক চিকিত্সককে জরিমানা করায় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, গত শুক্রবার স্থানীয় চিকিত্সক ডা. ফরহাদ কবির পৌর এলাকায় প্রাইভেট চেম্বার শেষে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। এ সময় এই পথ দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম যাচ্ছিলেন। তিনি ডা. ফরহাদকে থামিয়ে লকডাউন চলাকালে মোটরসাইকেল নিয়ে চলাফেরার কারণ জানতে চান। এ সময় উক্ত চিকিত্সক চেম্বার শেষ করে ফিরছিলেন বলে জানান। এতে ইউএনও ক্ষিপ্ত হয়ে চিকিত্সককে ১ হাজার টাকা জরিমানা করেন। পরে বিষয়টি চিকিত্সক নেতাদের মাধ্যমে উচ্চপর্যায়ে অবহিত করা হয়।