রাফায়েল কেলেঙ্কারি

যৌথ সংসদীয় কমিটির তদন্ত দাবি রাহুল গান্ধীর

ভারতে রাফায়েল যুদ্ধবিমান ক্রয় নিয়ে যৌথ সংসদীয় কমিটির তদন্তের দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। গতকাল রবিবার টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে রাহুল গান্ধী অনুগামীদের জন্য প্রশ্ন রাখেন, কেন যৌথ সংসদীয় কমিটির তদন্ত চান না মোদি? উল্লেখ্য, ফ্রান্সে এই বিমান ক্রয়-বিক্রয় নিয়ে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

রাহুল গান্ধীর টুইট নিয়ে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে থেকে রাফায়েল দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন রাহুল গান্ধী। যদিও সেই সময় তা বুমেরাং হয় এবং কংগ্রেস নির্বাচনে ধরাশায়ী হয়। এ ঘটনা নিয়ে বিচারবিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ দিয়েছে ফ্রান্স। এরই মধ্যে এক বিচারককে নিযুক্ত করা হয়েছে তদন্ত করতে। ফ্রান্সের আর্থিক অপরাধ দমনসংক্রান্ত বিভাগের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

ফ্রান্স থেকে রাফায়েল যুদ্ধবিমানের জন্য ভারতের সঙ্গে ৫৯ হাজার কোটি রুপির চুক্তিতে ‘দুর্নীতি ও পক্ষপাতিত্বের’ অভিযোগ উঠেছিল। ফরাসি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রাফায়েল নির্মাতা সংস্থা দাসো এভিয়েশনের বিরুদ্ধে চুক্তির মধ্যস্থতাকারীকে ১০ লাখ ইউরো পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

ফ্রান্সের আর্থিক অপরাধ দমন সংক্রান্ত বিভাগের কাছে এই বিষয়ে তদন্তের দাবি জানানো হয়। ২০১৮ সালে রাফায়েল কাণ্ড নিয়ে তদন্তের দাবি উঠেছিল ফ্রান্সে। কিন্তু তথ্য-প্রমাণের অভাবে সেই সময় তদন্ত খারিজ হয়েছিল। শনিবার কংগ্রেসের প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ ঘটনা নিয়ে যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) যাতে তদন্ত করতে পারে সেই আদেশ দেওয়ার অনুরোধ করেছেন। তিনি আরো বলেন, রাফায়েল চুক্তিতে যে দুর্নীতি হয়েছে তা এখন আরো স্পষ্ট। এই রাফায়েল কাণ্ড নিয়ে কংগ্রেসের ও রাহুল গান্ধীর অবস্থান যে ঠিক ছিল তা প্রমাণিত।