বৈশ্বিক উষ্ণতার প্রভাব পড়তে শুরু করেছে ব্যাপকভাবে। এর প্রভাব সাম্প্রতিককালে সবচেয়ে বেশি পড়ছে কানাডায়। দেশটিতে তীব্র দাবদাহের পর এবার আঘাত হেনেছে দাবানল। ১৭০টিরও বেশি দাবানল ছড়িয়ে পড়েছে। এর মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করেছে সরকার। সেনাবাহিনী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলম্বিয়ায় অন্তত ১৭৪টি দাবানল সক্রিয়, যার মধ্যে ৭৮টি দুই দিনে ছড়িয়ে পড়েছে। বেশির ভাগ দাবানল তীব্র বজ্রপাতের কারণে সৃষ্টি হয়েছে।
ব্রিটিশ কলম্বিয়ার ওয়াইল্ডফায়ার সার্ভিসের প্রাদেশিক অপারেশনের প্রধান ক্লিফ চ্যাপমান বলেন, ‘আমরা শুক্রবার ১২ হাজারের মতো বজ্রপাত দেখেছি। গত মঙ্গলবার লিটন গ্রামে ৪৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। ব্রিটিশ কলম্বিয়াসহ দেশ জুড়ে সাত শতাধিক মানুষ মারা গেছে অতিরিক্ত তাপের কারণে। প্রতিরক্ষামন্ত্রী হরজিত সজ্জন জানান, জরুরি পরিস্থিতি মোকাবিলা গ্রুপ বলেছে যে, তারা এডমন্টনে একটি অপারেশন সেন্টার স্থাপন করবে, যেখানে ৩৫০ জন সামরিক সদস্য ঐ অঞ্চলে প্রয়োজনীয় সহায়তা দেবে। ইতিমধ্যে সেখানে সামরিক বিমান মোতায়েন করা হয়েছে। —সিএনএন