পঞ্চগড়ে আখ চাষীদের বিক্ষোভ, প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

‘আখ চাষী বাঁচাও, মিল বাঁচাও’ এই শ্লোগানে পঞ্চগড়ে বিক্ষোভ করেছে আখ চাষীরা। সরবরাহকৃত আখের বকেয়া মূল্য পরিশোধের দাবীতে বিক্ষোভ মিছিল শেষে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন আখ চাষীরা। 

বাংলাদেশ চিনিকল আখ চাষী ফেডারেশনের আহ্বানে কেন্দ্রীয় আখ চাষী সমিতি পঞ্চগড় এ কর্মসুচি পালন করে।
 
সোমবার দুপুরে তারা পঞ্চগড় চিনিকল এলাকায় বিক্ষোভ মিছিল করে। এসময় পঞ্চগড় চিনিকলের কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকবৃন্দ এতে অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে পঞ্চগড় কেন্দ্রীয় আখ চাষী সমিতির সভাপতি মো. আব্দুল আজিজ, সহ-সভাপতি মো. জসিয়ার রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক ফজলে আলম প্রমুখ বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন, পঞ্চগড়ে প্রায় চার হাজার চাষী আখ চাষের উপর নির্ভরশীল। আখ মাড়াই মৌসুমের শুরু থেকে চাষীরা সুগার মিলে আখ সরবরাহ করে আসছেন। প্রায় ৭ কোটি টাকা বকেয়া থাকলেও পাওনা পরিশোধ করছে না চিনিকল কর্তৃপক্ষ।

পরে পঞ্চগড় কেন্দ্রীয় আখচাষী সমিতি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন। 

আরো পড়ুন: ডাকসু: ছাত্রলীগের প্যানেল তৈরি-প্রচারে কেন্দ্রীয় চার নেতা

বাংলাদেশ চিনিকল আখচাষী ফেডারেশনের সভাপতি মজাহারুল হক প্রধান এমপি বলেন, ‘বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের ১৫টি সুগার মিলে আখ চাষীদের পাওনা প্রায় ২২৫ কোটি টাকা। আখ মাড়াই মৌসুম বন্ধ হলে বকেয়ার পরিমাণ তিনশ কোটি টাকা ছাড়িয়ে যাবে। কৃষকদের পাওনা টাকা প্রাপ্তিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’

ইত্তেফাক/অনি