যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর মসজিদুল হারাম, আশপাশের এলাকা এবং হজের জন্য নির্ধারিত পবিত্র স্থানগুলোতে কেউ প্রবেশ করতে পারবে না। আজ সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। খবর প্রকাশ করেছে সৌদি গেজেট।
প্রতিবেদনে বলা হয়েছে, হজের জন্য নির্ধারিত পবিত্র স্থানগুলোতে অনুমতি ছাড়া কেউ প্রবেশ করলেই তাকে ১০ হাজার রিয়াল জরিমানা গুনতে হবে। আজ থেকে শুরু হয়ে হজ শেষ হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
গতকাল রবিবার (৪ জুলাই) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মসজিদুল হারাম ছাড়াও পবিত্র স্থানগুলোর মধ্যে রয়েছে মিনা, মুজদালিফা ও আরাফাত। একই অপরাধ দ্বিতীয়বার করলে জরিমানাও দ্বিগুণ হয়ে যাবে।
হজ মৌসুম শেষ হওয়ার আগ পর্যন্ত নিয়ম লঙ্ঘনকারীদের শাস্তির আওতায় আনতে মসজিদুল হারাম ও পবিত্র স্থানগুলো অভিমুখি প্রতিটি রাস্তায় দায়িত্ব পালন করবে আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যরা।
ইত্তেফাক/টিএ