সপ্তাহব্যাপী জমকালো আয়োজন ও উৎসবের মধ্যদিয়ে কানাডা দিবস – ২০২১ উদযাপন করেছে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আনন্দঘন পরিবেশে দিবসটি উদযাপনের জন্য বিশ্ববিদ্যালয় বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করেছিল।
১ জুলাই দিবসের শুরুতে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. চৌধুরী নাফিজ সরাফাত। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির সিনিয়র উপদেষ্টা ও বোর্ড অফ ট্রাস্টিজ প্রফেসর এইচ. এম জহিরুল হক এবং রেজিস্টার দিলদার আহমেদসহ সকল ডিপার্টমেন্টের প্রধানগন।এর আগে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের অংশ হিসাবে শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে অংশ নেয়।
ড. চৌধুরী নাফিজ সরাফাত বলেন, কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ শিক্ষার মাধ্যমে জাতির ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে দেশে সর্বোচ্চ মানের শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।ড. চৌধুরী নাফিজ সরাফাত বিশ্ববিদ্যালয়টির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান, তিনি কানাডা-বাংলাদেশ চেম্বার হাউসের (কানাডা) প্রেসিডেন্ট। তিনি কানাডিয়ান-বাংলাদেশী নাগরিকদের জন্য একটি প্ল্যাটফর্ম তৈরিতে কাজ করে যাচ্ছেন। যাতে তারা দ্বিপাক্ষিক বাণিজ্য, ব্যবসা, শিক্ষামূলক এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে যুক্ত হতে পারেন।
ইত্তেফাক/এএইচপি