এই মৌসুমে বাজারে পাওয়া যায় নানা রকম দেশিয় ফল। তেমনি দুইটি ফল দিয়ে চার পদের রেসিপি দিয়েছেন আলভী রহমান শোভন
করমচার লেমোনেড
উপকরণ :করমচা ১ কাপ, লেবু ২টি, চিনি ১/২ কাপ, পানি ১ লিটার।
প্রণালি :করমচা মাঝখান থেকে ফালি করে ভেতরের বীজ বের করে ধুয়ে নিন । ৫০০ মিলি পানি দিয়ে করমচা এবং লেবুর রস ব্লেন্ড করে ছেঁকে নিন। বাকি ৫০০ মিলি পানির সঙ্গে চিনি জ্বাল দিয়ে সিরাপ করে ঠান্ডা করে নিন। গ্লাসে ২ ভাগের ১ ভাগ চিনির সিরাপ এবং ১ ভাগ করমচা ও লেবুর জুস ঢেলে চামচ দিয়ে নেড়ে পরিবেশন করুন।
করমচার টক ঝাল মিষ্টি আচার
উপকরণ :করমচা ৫০০ গ্রাম, পাঁচফোঁড়ন ১ চা চামচ, চিনি ১/৪ কাপ, মরিচ টালা গুঁড়া ১ চা চামচ, শুকনা মরিচ ৫/৬টি, তেজপাতা ২টি, লবণ স্বাদমত, সরিষার তেল ৫০০ মিলি ।
প্রণালি :করমচা মাঝখান থেকে ফালি করে ভেতরের বীজ বের করে লবণ মেখে পানি দিয়ে ধুয়ে পানি ঝড়িয়ে নিন যেন অতিরিক্ত কষ বের হয়ে যায়। প্যানে তেল গরম করে পাঁচফোঁড়ন, শুকনা মরিচ ও তেজপাতা দিয়ে হালকা ভেজে করমচা দিয়ে দিন। ভালোভাবে নেড়ে লবণ ছড়িয়ে ঢেকে রাখুন। পানি বের হলে এতে মরিচ টালা গুঁড়া ও চিনি দিয়ে নেড়ে আবার ঢেকে রাখুন। সকল মশলা করমচার গায়ে গায়ে লেগে এলে চুলা বন্ধ করুন।
গ্রিলড স্টারফ্রুট
উপকরণ :কামরাঙ্গা ২টি, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, লবণ স্বাদমত, অলিভ অয়েল ২ চা চামচ, পার্সলে কুঁচি ১ চা চামচ।
প্রণালি :কামরাঙ্গা স্লাইস করে পার্সলে কুঁচি ছাড়া বাকি সকল উপকরণ ভালোভাবে মিশিয়ে প্যানে তেল ব্রাশ করে কামরাঙ্গা স্লাইসগুলো ৩ মিনিট করে রাখুন। উপরে পার্সলে কুঁচি ছড়িয়ে ডিশে সাজিয়ে পরিবেশন করুন।
স্টারফ্রুট চিলার
উপকরণ :কামরাঙ্গা ২টি, লেবুর রস ২ টেবিল চামচ, চিনি ১/৪ কাপ, পুদিনা ২ টেবিল চামচ।
প্রনালি :কামরাঙ্গা স্লাইস করে পুদিনা সহ পানি দিয়ে ব্লেন্ড করে ছেঁকে নিন। এবার এই রসের সঙ্গে লেবুর রস এবং চিনি যুক্ত করে গ্লাসে ঢেলে বরফ সহকারে পরিবেশন করুন।