লালসবুজ ডটকমের পণ্য পৌঁছে দেবে পেপারফ্লাই

 

লালসবুজ ডটকম মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি গ্রামীণ নারী উদ্যোক্তাদের মার্কেটপ্লেস। সম্প্রতি দেশের প্রযুক্তিনির্ভর লজিস্টিক সেবা প্রতিষ্ঠান পেপারফ্লাই ডেলিভারি পার্টনার হিসাবে চুক্তিবদ্ধ হয়েছে লালসবুজ ডটকমের সঙ্গে। লালসবুজ ডট কমের চেয়ারম্যান সদরুদ্দিন ইমরান এবং পেপারফ্লাইয়ের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান বিপণন কর্মকর্তা রাহাত আহমেদ সম্প্রতি এই সেবা প্রদানের বিষয়ে একটি চুক্তি সই করেছেন। চুক্তি অনুসারে পেপারফ্লাই তাদের শক্তিশালী ও বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশে গ্রাহকের দোড়গোড়ায় পৌঁছে দেবে লালসবুজ ডটকমের পণ্য। অনুষ্ঠানে লালসবুজ ডটকমের পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক রুবায়েত বিন আরিফ, চিফ অপারেটিং অফিসার (সিওও) মুহাম্মদ নাজমুল আহসান, সিনিয়র সফটওয়্যার এক্সিকিউটিভ মোহাম্মদ মাহমুদুল হাসান খান।

পেপারফ্লাই’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড কি অ্যাকাউন্টস সাজ্জাদুল ইসলাম ফাহমি, এক্সিকিউটিভ সেলস অ্যান্ড কি অ্যাকাউন্টস আফসানা ইয়াসমিন। সদরুদ্দিন ইমরান বলেন, ‘লালসবুজ ডট কম নারীদের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে একটা বড় ভূমিকা রাখতে চায়।’