জনবল সংকটে স্বাস্থ্যসেবা বিঘ্নিত

জেলা সদরের একমাত্র সরকারি হাসপাতালটিতে এখন ৩২ কর্মকর্তা-কর্মচারীর পদ শূন্য রয়েছে। দীর্ঘদিন ধরে পদগুলো শূন্য থাকায় স্বাস্থ্যসেবা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। অন্যদিকে মাদারীপুরে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চিকিত্সকসহ সংশ্লিষ্টদের চিকিত্সাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। এদিকে সদর হাসপাতালটিতে বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী নিয়োগেরও তেমন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। সদর হাসপাতাল সূত্রে জানা যায়, জুনিয়র কনসালটেন্ট, শিশু, চক্ষু, ইএনটি, রেডিওলজিস্ট পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ইএমও এবং ডেন্টাল সার্জনসহ চার চিকিত্সকের পদ শূন্য। জুনিয়র মেট্রন ও সহকারী নার্সের চারটি পদসহ ডেন্টাল টেকনোলজিস্ট, ল্যাবরেটরি টেকনোলজিস্ট, মেডিক্যাল টেকনোলজিস্ট (রেডিওগ্রাফি) এবং মেডিক্যাল টেকনোলজিস্টের (ফিজিওথেরাপি) আটটি পদ বর্তমানে শূন্য এছাড়া চতুর্থ শ্রেণির ১৬ কর্মচারীর পদ শূন্য রয়েছে। সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. নুরুল ইসলাম হাসপাতালটিতে বর্তমানে জুনিয়র কনসালটেন্ট ও চিকিত্সকের আটটি পদসহ অন্যান্য কর্মচারীর ২৪টি পদ শূন্য রয়েছে বলে নিশ্চিত করেছেন। শূন্য পদের সংখ্যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও তিনি জানান। জেলা সদরের একমাত্র সরকারি হাসপাতালটিতে চিকিত্সাসেবা বৃদ্ধির লক্ষ্যে জরুরি ভিত্তিতে চিকিত্সক-কর্মচারী নিয়োগের দাবি জানিয়েছেন এলাকাবাসী।