বিরামপুর হাসপাতালে অ্যাম্বুলেন্সের চালক নিয়োগ

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটির একজন চালক নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার অস্থায়ীভাবে চালক নিয়োগ দিয়ে অ্যাম্বুলেন্সটি চালু করা হয়। এ বিষয়ে বিরামপুর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. শাহরিয়ার ফেরদৌস হিমেল জানান, দীর্ঘদিন ধরে চালক না থাকায় অ্যাম্বুলেন্সটি নষ্ট ছিল। রোগীদের দুর্ভোগের কথা ভেবে সোমবার থেকে অ্যাম্বুলেন্সটি চালু করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শ্যামল কুমার রায় জানান, চালক সাময়িক বরখাস্ত থাকায় হাসপাতালে একমাত্র অ্যাম্বুলেন্সটি দীর্ঘদিন থেকে বন্ধ ছিল। সোমবার থেকে অ্যাম্বুলেন্স চালু করা হয়। এছাড়া জেলা সিভিল সার্জনের অনুমতিক্রমে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় অস্থায়ী ভিত্তিতে আলিফ নামের একজনকে চালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় এমপি শিবলী সাদিক জানান, হাসপাতালে অ্যাম্বুলেন্সের সমস্যা ছিল তা সমাধান করা হলো। এরপর অন্যান্য যেসব সমস্যা আছে তা সমাধানের জন্য কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। এর আগে গত ২২ জুন দৈনিক ইত্তেফাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের চালক না থাকাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সংবাদ প্রকাশিত হয়েছিল।