পূর্ব সুন্দরবন থেকে হরিণ শিকারের ফাঁদ ও কীটনাশকসহ এক চোরা শিকারিকে আটক করেছে বন বিভাগ। সোমবার ভোরে বনের বুড়বুড়িয়া এলাকা হতে তাকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মোংলা) স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুল রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনের বুড়বুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে চোরা শিকারি মো. সাজ্জাদ ব্যাপারীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয়েছে হরিণ শিকারের ৫০০ গজ ফাঁদের রশি/দড়ি, তিন বোতল কীটনাশক ও ১০ কেজি বিষমিশ্রিত বিভিন্ন প্রজাতির সাদা মাছ। বন কর্মকর্তা বলেন, বনের ভেতরে হরিণ শিকারের জন্য ফাঁদ পেতে রেখে সাজ্জাদ খালে বিষ (কীটনাশক) দিয়ে মাছ ধরছিল। তার বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, সাজ্জাদ এর আগেও একাধিক বন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।