আক্কেলপুরে লকডাউনেও বসল ছাগলের হাট

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের মধ্যেই সোমবার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারে বসে ছাগলের হাট। স্বাস্থ্যবিধি না মেনে গোপীনাথপুর হাট ছাগল ক্রেতা-বিক্রেতাদের সমাগমে জমে উঠে। সরেজমিনে দেখা যায়, ছাগলের হাটে কেনাবেচা চলছে। ক্রেতা-বিক্রেতাদের জটলা ছিল চোখে পড়ার মতো। হাটের পশ্চিমাংশে বসেছে চা-পানের দোকান। সেখানে বসে অনেকে চা ও ধূমপান করছে। পাশের কাঁচাবাজার ও মাছের বাজারেও দেখা গেছে প্রচুর জনসমাগম। অনেকের মুখেই ছিল না মাস্ক। ক্রেতা ভিকনী এলাকার শফিকুল আলম বলেন, ছাগল কিনতে আসছিলাম। কিন্তু হাটে ছাগলে দাম অনেক বেশি, তাই ভাবছি বাড়ি চলে যাব। তাছাড়া স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। মাস্কবিহীন অনেক লোক চলাচল করছে। গোপিনাথপুর হাটের দায়িত্বপ্রাপ্ত সাজ্জাদ হোসেন বলেন, আমরা বিক্রেতাদের নিষেধ করা সত্ত্বেও অভাব অনটন, সামনে ঈদ নানা অজুহাতে তাদের গবাদি পশু নিয়ে হাটে আসছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হাবিবুল হাসান বলেন, কঠোর লকডাউনে উপজেলার কোথাও পশুর হাট বসতে দেওয়া হবে না। গোপিনাথপুর হাটে ছাগলের হাট বসানোর খবর পেয়ে হাট ভেঙে দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের অভিযান সব সময় চলমান আছে।  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. রুহুল আমিন সরকার বলেন, মহামারি পরিস্থিতিতে গবাদি পশুর হাট বসা মানেই করোনা সংক্রমণের আশঙ্কা অনেকাংশে বেড়ে যাওয়া।