টিকটক হূদয়ের সহযোগী হিরো অনিকসহ পাঁচ জন গ্রেফতার

ভারতে এক তরুণীকে যৌন নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার জেরে নারী পাচারের সঙ্গে জড়িত অভিযোগে হাতিরঝিল এলাকা থেকে টিকটক হূদয় বাবুর অন্যতম সহযোগী ও মগবাজারের চিহ্নিত সন্ত্রাসী অনিক হাসান ওরফে হিরো অনিকসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত অপর চার হলেন, শহিদুল ইসলাম ওরফে অ্যাম্পুল, আবির আহমেদ রাকিব, সোহাগ হোসেন আরিফ ও হিরা। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, পাঁচটি ধারালো অস্ত্র, একটি চেইন, ৩০০ পিস ইয়াবা, সাতটি মোবাইল ফোনসেট ও ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়। রবিবার রাতে র্যাব হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গতকাল কাওরানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অনিক হাসান মগবাজার হাতিরঝিল ও তত্সংলগ্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসী এবং মাদক সিন্ডিকেটের অন্যতম হোতা। বর্তমানে তার নামে হত্যা, মাদক ও অস্ত্র, ডাকাতিসহ ৯টি মামলা রয়েছে। তার গ্রুপের সদস্যসংখ্যা প্রায় ২০-২৫ জন। তার দল মগবাজার, মধুবাগ, মিরবাগ, নতুন রাস্তা পেয়ারাবাগ, চেয়ারম্যান গলি, আমবাগান ও হাতিরঝিল এলাকায় আধিপত্য বিস্তার, মাদক সিন্ডিকেট ও নৈরাজ্য সৃষ্টি করে আসছিল। বিভিন্ন সময়ে তিনি ও তার দল হাতিরঝিলে আগত দর্শনার্থীদের ভয়ভীতি প্রদর্শন করে ছিনতাই ও চাঁদাবাজি করত। এ ছাড়া তিনি উক্ত এলাকার মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। হাতিরঝিল এলাকা দৃষ্টিনন্দন হওয়ায় টিকটক গ্রুপের কার্যকলাপও তিনি নিয়ন্ত্রণ করতেন। তিনি টিকটক হূদয়ের অন্যতম সহযোগী ছিলেন। টিকটক হূদয়ের চাহিদায় সন্ত্রাসী কার্যকলাপ করতেন। এছাড়া তিনি টিকটক হূদয়কে টিকটক গ্রুপের নেশা ও আড্ডার জন্য মাদক সরবরাহ করতেন। তিনি মাদক সিন্ডিকেট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এ বিষয়ে গোয়েন্দা অনুসন্ধান অব্যাহত রয়েছে।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত অপর সদস্যদের মধ্যে শহিদুল ইসলাম অ্যাম্পুলের নামে মাদক ও চুরির ছয়টি মামলা রয়েছে। আবির আহমেদ রাকিবের বিরুদ্ধে দুটি, সোহাগ হোসেন আরিফের বিরুদ্ধে তিনটি ও হিরোর বিরুদ্ধে একটি মামলা রয়েছে।