খাবার সংকটে অসহায় মানুষের পাশে ডিএমপি

চলমান লকডাউনে প্রতিদিন ৫ হাজার মানুষকে খাবার দিয়ে সহায়তা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ছিন্নমূল, পথশিশু, সুবিধাবঞ্চিত, দিনমজুর, অসহায় মানুষের পাশে দাঁড়াতে এমন উদ্যোগ নিয়েছে তারা । ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন ডিএমপির ৫০টি থানা এলাকায় গতকাল থেকে একযোগে এ খাবার বিতরণ শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে ১১ জুলাই পর্যন্ত।

ডিএমপির এডিসি (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম বলেন, করোনা মোকাবিলায় জনস্বার্থে সরকারঘোষিত সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ চলছে। প্রাণচঞ্চল এ ঢাকা শহর প্রায় থমকে গেছে। দুর্যোগ মোকাবিলা করতে গিয়ে আরো বেশি বিপাকে আছেন অসহায় নাগরিকরা। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই ডিএমপির এমন উদ্যোগ। ডিএমপির গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, করোনা কারণে গুলশান বিভাগের মধ্যে যারা কর্মহীন ও অসহায় তাদের মধ্যে খাদ্য বিতরণ শুরু করা হয়েছে। সংশ্লিষ্ট থানা এলাকায় পুলিশ নিজেদের উদ্যোগে এসব খাবার বিতর করছে।