কিস্তির ৫০ শতাংশ জমা দিলেই আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের খেলাপি করা যাবে না। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ ‘ঋণ/লিজ/অগ্রিম শ্রেণীকরণ’ শিরোনামে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সম্প্রতি ব্যাংকঋণের ক্ষেত্রেও ২০ শতাংশ ঋণের কিস্তি পরিশোধে সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আগে গত বছরে করোনা ভাইরাসের প্রকোপ শুরু হলে ২০২০ সালের পুরো সময়ে ঋণ পরিশোধ না করে খেলাপিমুক্ত থাকার সুযোগ পান গ্রাহকেরা। করোনা সংক্রমণ পুনরায় বৃদ্ধি পাওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল রাখতে নতুন এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নতুন নির্দেশনায় বলা হয়েছে, চলতি বছরের জুন মাসে ঋণের কিস্তির ন্যূনতম ৫০ শতাংশ প্রতিষ্ঠান-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এ বছর ৩১ আগস্টের মধ্যে পরিশোধ করলে ঐ সময়ে ঋণ শ্রেণীকরণ করা যাবে না।
অর্থাত্ ঋণের কিস্তি জুনে ১০০ টাকা হলে ৫০ টাকা পরিশোধ করলেই নিয়মিত গ্রাহক হয়ে যাবে। এ ক্ষেত্রে জুন মাস পর্যন্ত দেওয়া কিস্তির বকেয়া টাকা নির্দেশনা অনুযায়ী সর্বশেষ কিস্তির সঙ্গে দিতে হবে। এ ছাড়া অন্যান্য কিস্তি যথাসময়ে পরিশোধ করতে হবে। প্রজ্ঞাপনের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়।