জাল টিকা-কাণ্ডের প্রতিবাদে কলকাতায় পৌরসভা ঘেরাও বিজেপির

কলকাতা পৌরসভা ঘেরাওয়ের ডাক দেওয়ার ঘোষণা আগেই করেছিল বিজেপির যুব মোর্চা। ভুয়া টিকা-কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এই কর্মসূচির ডাক দেয় গেরুয়া শিবির। অভিযান ঘিরে অশান্তির আশঙ্কা প্রথম থেকেই ছিল। তাই পৌরসভার চারপাশ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছিল কলকাতা পুলিশ। খবর হিন্দুস্তান টাইমসের

সুবোধ মল্লিক স্কয়ারের কাছে মিছিল আটকানোর জন্য প্রস্তুতি নেয় পুলিশ। পরে অবশ্য বিজেপি রুট বদল করে সেন্ট্রালে পৌঁছে যায়। এর পরই ধস্তাধস্তি শুরু হয় দুই পক্ষের। গ্রেফতার হয়েছে ১২০ জন। অসুস্থ হয়ে পড়া বিজেপি কর্মীকে একা একটি প্রিজন ভ্যানে তোলায় হয়; কিন্তু তার চিকিত্সা করা হবে বলে জানায় পুলিশ। যদিও বিজেপির অভিযোগ, কোনো মহিলা পুলিশ ছিল না। পুরুষ পুলিশ কর্মীরা লাঠি চার্জ করে বিভিন্ন জায়গায় আহত করে সেই মহিলাকে। ধস্তাধস্তি প্রসঙ্গে পুলিশ এবং সরকারকে আক্রমণ করেন বিজেপি এমপি সুভাষ সরকার। তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। আমরা মানুষকে ভুয়া টিকার বিরুদ্ধে সচেতন করতে রাস্তায় নেমেছি। আমরা সব ধরনের করোনা বিধি মেনে আন্দোলন করছি। আমাদের কর্মীদের মুখে মাস্ক রয়েছে। এটা ব্রিটিশ আমলের মতো পরিস্থিতি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। তাও আমাদের বহুবার আটকানো হয়। গ্রেফতারও করা হয়।