আমেরিকা আবার সুসংসহত হচ্ছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমেরিকা আবার সুসংহত হচ্ছে। করোনা ভাইরাসের কবল থেকে আমরা স্বাধীনতা লাভ করছি। তবে করোনা ভাইরাসের হানা শেষ হয়ে যায়নি বলেও জানান জো বাইডেন। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ৪ জুলাই হোয়াইট হাউজের সাউথ লনে এক অনুষ্ঠানে এই কথা বলেন। খবর সিএনএনের

প্রেসিডেন্ট হওয়ার পর এই প্রথম কোনো অনুষ্ঠানের আয়োজন করলেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি এক হাজার অতিথিকে আমন্ত্রণ জানান। সামরিক বাহিনী এবং জরুরি স্বাস্থ্যকর্মীদের সংখ্যাই ছিল বেশি। এবারের স্বাধীনতা দিবসকে প্রেসিডেন্ট বাইডেন করোনা মুক্তির দিন হিসেবে পালন করেন। তিনি ৪ জুলাইয়ের আগে ৭০ শতাংশ আমেরিকানকে টিকা দিতে চেয়েছিলেন। কিন্তু সেটা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ৬৭ শতাংশ প্রাপ্তবয়স্ক টিকা নিয়েছেন। অনুষ্ঠানে বাইডেনকে অতিথিদের সঙ্গে সেলফি তুলতেও দেখা যায়।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘আজ আমরা মারণব্যাধি করোনা থেকে স্বাধীনতা লাভের কাছাকাছি এসে গেছি। তবে তিনি সতর্ক করেন যে, এখনো কিছু পথ আমাদের পাড়ি দিতে হবে’। বাইডেন বলেন, ‘মার্কিনীরা ঐক্যবদ্ধ হওয়ার কারণেই আমরা ভাইরাস থেকে স্বাধীনতা পাচ্ছি’। তিনি বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ হয়ে অর্থনীতিকে এগিয়ে নিচ্ছি, আমরা ঐক্যবদ্ধ হয়েই জনগনকে উদ্ধার করবো, অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে কাজ করতে হবে’। প্রেসিডেন্ট বাইডেন আরো বলেন, ‘আমরা অতীতে অন্ধকার দিন পার করেছি। এখন আমি সত্যিকারে বিশ্বাস করি যে, আমাদের সামনে সুন্দর ভবিষ্যত আছে’।