কঠোর লকডাউনের পঞ্চম দিনে সোমবার ঢাকার রাজপথে মানুষের উপস্থিতি ও যানবাহন দুটোই বেড়েছে। অকারণেও বের হয়েছেন অনেকে। সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় ৪১৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এছাড়া আরো ৮৩২ জনকে আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
গতকাল রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাস্তায় আগের চার দিনের তুলনায় যানবাহন অনেকটাই বেড়েছে। গত চার দিন বিভিন্ন অফিস-আদালত বন্ধ থাকলেও গতকাল থেকে ব্যাংকসহ বেশ কিছু অফিস খুলেছে। বিভিন্ন এলাকায় বেসরকারি কিছু অফিসও খুলতে দেখা গেছে। বিশেষ করে পাড়া-মহল্লায় মানুষের উপস্থিতি ছিল অনেক বেশি। অলি-গলির রাস্তায় বিপুলসংখ্যক ক্রেতা-বিক্রেতাকে স্বাস্থ্যবিধি না মেনেই চলাচল করতে দেখা গেছে। এমনকি মহল্লার রাস্তাগুলোতে উঠতি বয়সের তরুণদের পাল্লা দিয়ে মোটরসাইকেল চালাতেও দেখা গেল। মহল্লাগুলোতে পুলিশের উপস্থিতি থাকলেও তাদের সামনেই এমন অবস্থা ছিল। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, ডিএমপি ৪১৩ জনকে গ্রেফতারের পাশাপাশি ২৪৩ জনকে ভ্রাম্যমাণ আদালতে ৯৮ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করে। এছাড়া ট্রাফিক বিভাগের অভিযানে ৫২৬টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়ে ১২ লাখ ২৩ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়। তিনি বলেন, গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির আটটি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৪১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এডিসি ইফতেখায়রুল আরো বলেন, সরকার করোনার সংক্রমণরোধে চলমান বিধিনিষেধ বাস্তবায়নে গতকাল পঞ্চম দিনেও রাজধানী জুড়েই সক্রিয় ছিল আইনশৃঙ্খলা বাহিনী। রবিবার গ্রেফতার হন ৬১৮ জন। ১৬১ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।
এদিকে বিধিনিষেধের পঞ্চম দিনে আরো ৫৮৯ জনকে আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন। তবে আইনজীবী ছাড়াই জরিমানার টাকা জমা দিয়ে গ্রেফতারকৃত ব্যক্তিরা মুক্তি পান। তাদের অধিকাংশের বিরুদ্ধে ডিএমপি অধ্যাদেশের ৭৭ ও ৭৮ ধারায় অভিযোগ দায়ের করে আদালতে হাজির করে পুলিশ। সিএমএম আদালতের হাজতখানার দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আশরাফুল ইসলাম এ তথ্য জানান। বিধিনিষেধ চলাকালে এ নিয়ে ৩ হাজারের অধিকের জরিমানা আদায় করলেন আদালত।