পাথরঘাটায় স্ত্রী-সন্তানের হত্যাকারী শাহীনকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

পাথরঘাটায় স্ত্রী ও শিশুসন্তানকে হত্যাকারী শাহীন মুন্সিকে (২১) ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। হত্যা মামলা দায়ের করেছেন নিহত সুমাইয়ার বাবা রিপন হাওলাদার। মামলায় আসামিরা হচ্ছেন—শাহীন মুন্সী, তার মা শাহিনুর বেগম, মামাতো ভাই ইমাম হোসেন ও ইমামের শ্যালক রিপন। আরো দুই-তিন জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

গত শনিবার সকালে পাথরঘাটার পূর্ব হাতেমপুর গ্রামের শাহীনের বাড়ির খালের পাড়ের একটি মাটির গর্ত থেকে সুমাইয়া (১৮) ও তার ৯ মাসের শিশুকন্যা সামিরা আক্তার জুঁইয়ের লাশ উদ্ধার করে পুলিশ। সুমাইয়ার শাশুড়ি শাহিনুর বেগম, নানিশাশুড়ি জাহানারা বেগম ও দেবর ঈমাম হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও শাহিনুর বেগম ও ইমাম হোসেনকে গ্রেফতার দেখিয়ে জাহানারাকে ছেড়ে দিয়েছে পুলিশ। পাথরঘাটা থানার ওসি আবুল বাসার এ তথ্য নিশ্চিত করেছেন।

পাথরঘাটা থানার ওসি আবুল বাসার জানান, সুমাইয়ার হাতে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুমাইয়া ও তার মেয়েকে নির্যাতনের পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। সুমাইয়ার হাত-পা বাঁধা অবস্থায় ছিল। পাথরঘাটার অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল হোসেন সরকার জানান, পলাতক শাহীনকে ধরিয়ে দিলে পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

­