প্রবাসী ও বিদেশ গমনেচ্ছুদের দুর্ভোগ লাঘবে গাজীপুরে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস স্থাপন করা হচ্ছে। সোমবার থেকে এ অফিসের কার্যক্রম শুরু হয়। এ জন্য গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের নিচতলায় দুটি কক্ষ ভাড়া নেওয়া হয়েছে।
জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম জানান, গাজীপুর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শিল্প অধ্যুষিত জেলা। এ জেলার বহু লোক বর্তমানে প্রবাসে কর্মরত রয়েছেন এবং প্রতি বছরই চাকরির উদ্দেশ্যে বিভিন্ন দেশে গমন করে থাকেন। কিন্তু এ জেলায় কোনো জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস নেই এবং বিদেশ গমনেচ্ছু ব্যক্তিদের নিবন্ধনসহ অন্য সব কার্যক্রম ঢাকা থেকে পরিচালিত হয়ে থাকে। এর ফলে প্রবাসী, তাদের আত্মীয়স্বজন ও বিদেশ গমনেচ্ছু ব্যক্তিরা প্রায়শই বিভিন্ন বিড়ম্বনা ও দুর্ভোগের শিকার হন। তাই এ জেলায় প্রবাসী ও বিদেশ গমনেচ্ছুদের দুর্ভোগ লাঘবে গাজীপুর জেলায় একটি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস জরুরি ভিত্তিতে স্থাপন করা হয়।