ইন্দোনেশিয়ায় করোনা টিকা নিয়েও মৃত্যু, বুস্টার ডোজের পরামর্শ

করোনাভাইরাসের নতুন নতুন ভ্যারিয়েন্ট, বিশেষ করে ভারতে প্রথম শনাক্ত ডেল্টা ভ্যারিয়েন্টে বিপর্যস্ত ইন্দোনেশিয়ায় স্বাস্থ্যকর্মীদের বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দুই ডোজ টিকা নিয়েও বেশ ক'জন স্বাস্থ্য কর্মীর মৃত্যুর পর সেদেশে দারুণ উদ্বেগ তৈরি হয়েছে। সোমবার (৫ জুলাই) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, এ বছর ফেব্রুয়ারি মাস থেকে জুন পর্যন্ত কমপক্ষে ২০ জন চিকিৎসক এবং ১০ জন নার্স কোভিডে ভুগে মারা গেছেন। ইন্দোনেশিয়ার ডাক্তার ও নার্স সমিতি বলছে, মৃতদের সবারই চীনে তৈরি সিনোভ্যাক টিকা নেয়া ছিল। ইন্দোনেশিয়ায় এখন যেভাবে বিপজ্জনক মাত্রায় সংক্রমণ এবং মৃত্যু বাড়ছে তাতে অনেক বিশেষজ্ঞ পরামর্শ দিচ্ছেন দ্রুত যেন সমস্ত ডাক্তার, নার্স এবং অন্য স্বাস্থ্য-কর্মীদের একটি বুস্টার ডোজ অর্থাৎ সিনোভ্যাকের তৃতীয় একটি ডোজ দেওয়া হয়।

ইন্দোনেশিয়ার ২৫ কোটি জনসংখ্যার মধ্যে আট শতাংশেরও কম লোক টিকা পেয়েছে। কিন্তু সম্প্রতি নানা ধরনের করোনাভাইরাস বিশেষ করে ডেল্টা ভ্যারিয়েন্টের প্রকোপে সংক্রমণের মাত্রা নাটকীয়ভাবে বেড়ে গেছে। সেইসাথে সন্ত্রস্ত মানুষজন টিকা নেওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছেন।

ইত্তেফাক/এসএ