সোনারগাঁয়ের কাঁচপুরে একটি কাগজকলে গ্যাস সরবরাহ লাইন লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় ঐ কারখানার চার নিরাপত্তাকর্মী দগ্ধ হয়েছেন। রবিবার রাত দেড়টার দিকে আল নূর কাগজকলে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন—আসাদুজ্জামান, মোস্তাফিজুর রহমান, ফারুক মিয়া ও তৌহিদুল ইসলাম।
এদের মধ্যে আসাদুজ্জামান ও মোস্তাফিজুর রহমানের অবস্থা সংকটাপন্ন বলে জানা যায়। গতকাল সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম।
কারখানার কর্মকর্তা তাহলু কুমার কুণ্ডু বলেন, ‘কী কারণে গ্যাস সরবরাহ লাইন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা বুঝতে পারছি না। আহতদের চিকিত্সার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতি এখনো নিরূপণ করা হয়নি।’
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সোনারগাঁ জোনের প্রকৌশলী রফিকুজ্জামান বলেন, অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।