স্বাদের একঘেয়েমি দূর করতে ভিন্ন স্বাদের কিছু আয়োজন করার চেষ্টা সব রাঁধুনিরই থাকে। তাদের জন্য আমাদের এই আয়োজনে তেমন কিছু রেসিপি দেওয়া হলো। দিয়েছেন জেসমিন আকতার জেসী
মুগ কাবাব
উপকরণ :মুগ ডাল ১ কাপ, মরিচ গুঁড়া ১ চামচ, ধনেপাতা ও কারি পাতা সামান্য, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, ব্রেড কাম ১ কাপ, জিরার গুঁড়া আধ চামচ, গরম মসলা ১ চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, তেল ভাজার জন্য।
প্রণালি :প্রথমে মুগ ডাল ধুয়ে ৫ মিনিট সিদ্ধ করে নিন। এবার স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নিন। একটি বোলে ডাল গুলি নিয়ে মরিচ, ধনেপাতা, কারিপাতা, কর্নফ্লাওয়ার, লবল, ব্রেডকাম, জিরার গুঁড়া, গরম মসলা, লেবুর রস সব একসঙ্গে মিক্স করে শিক কাবাবের শেপ দিয়ে তৈরি করে নিতে হবে। এবার ডুবো তেলে ভেজে নিন। এইভাবে তৈরি হয়ে গেল মজাদার মুগ কাবাব।
লাউয়ের কাবাব
উপকরণ :লাউ ৫০০ গ্রাম বুটের ডাল ১ কাপ, চিংড়ি মাছ ১৫-১৬টি, শুকনা মরিচ ৩টি, কাঁচামরিচ ৩টি, জিরা গুঁড়া আধ টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, হলুদ গুঁড়া সামান্য পরিমাণে, কাবাব মসলা ১ চা চামচ (রেডিমেট প্যাকেট ব্যবহার করেছি), লবণ প্রয়োজনমতো, ব্রেডক্রাম ২ কাপ, ডিম ৩টি, পেঁয়াজ কুঁচি ১/৪ কাপ, কাঁচামরিচ কুচি ২টি, ধনেপাতা কুঁচি ১ টেবিল চামচ।
প্রণালি :লাউ কেটে ধুয়ে ছোট ছোট টুকরা করে নিন। এবার লাউ ও বুটের ডাল পর্যাপ্ত পরিমাণ পানি ও লবণ দিয়ে সিদ্ধ করে নিন। পানি শুকিয়ে এলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। খেয়াল রাখবেন চিংড়ি আর ডাল যেন পুরোপুরি ব্লেন্ড না হয়, একটু যেন দানা দানা থাকে। এবার এই মিশ্রণের সঙ্গে ১ কাপ ব্রেডক্রাম, পেঁয়াজ কুঁচি, কাঁচামরিচ কুঁচি ও ধনেপাতা দিয়ে ভালো করে মেখে নিন। যদি প্রয়োজন হয় তবে আরও একটু ব্রেডক্রাম দিতে হবে। এবার কাবাবের শেপ দিয়ে ডিমে চুবিয়ে ব্রেডক্রামে গড়িয়ে নিয়ে ফ্রিজে ১৫-২০ মিনিট রেখে নিয়ে মিডিয়াম হিটে ব্রাউন করে ভেজে নিন। হয়ে গেল মজাদার লাউয়ের কাবাব।
পেঁপের ডিলাইট
উপকরণ :টকদই আধ কাপ, কনডেন্স মিল্ক ২ টেবিল চামচ, হুইপড ক্রিম ২ টেবিল চামচ, চিনি ২ চা চামচ, পাকা পেঁপের পাল্প ১ কাপ, ভেনিলা অ্যাসেন্স ১ চা চামচ, স্ট্রবেরি সাজানোর জন্য।
প্রণালি :প্রথমে একটি পরিষ্কার বোলে আধ কাপ দই, কনডেন্স মিল্ক, হুইপড ক্রিম, চিনি, ভেনিলা অ্যাসেন্স সব একসঙ্গে নিয়ে ভালো করে বিট করে নিতে হবে। সার্ভিং গ্লাসে প্রথমে টকদইয়ের মিশ্রণটি একটু দিয়ে পেঁপের পাল্প দিন। আবার টক দইয়ের মিশ্রণ দিয়ে উপরে হুইপড ক্রিম দিয়ে স্ট্রবেরি বসিয়ে ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করুন মজার পেঁপের ডিলাইট।
পাকা পেঁপের লাড্ডু
উপকরণ :পেঁপের কিউব কাটা ২ কাপ, চিনি আধ কাপ, গুঁড়া দুধ ১ কাপ, ঘি আধ কাপ, এলাচ গুঁড়া ১/৪ চা চামচ।
প্রণালি :প্রথমে পেঁপে, চিনি, গুঁড়া দুধ একসঙ্গে ব্লেন্ড করে নিন। এবার একটি প্যানে ঘি গরম করে পেঁপের মিশ্রণটি দিয়ে দিন। এবার এতে এলাচ গুঁড়া দিন। মিশ্রণটি ঘন হয়ে প্যানের গা ছেড়ে এলে চুলা থেকে নামিয়ে একটু ঠাণ্ডা হতে দিন। এরপর লাড্ডু বানিয়ে উপরে বাদাম দিয়ে পরিবেশন করুন মজাদার পাকা পেঁপের লাড্ডু।