জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, অতিমারি করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আইসিইউর চাহিদা। কিন্তু দেশের ৩৫ জেলায় এখনো আইসিইউ নেই। অথচ, এক বছর আগে প্রধানমন্ত্রী সব জেলায় আইসিইউ স্থাপনের নির্দেশ দিয়েছিলেন। সব জেলায় আইসিইউ স্থাপনে স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যর্থ। যত দ্রুত সম্ভব সব জেলায় আইসিইউ স্থাপন এবং পর্যাপ্ত অক্সিজেন সহায়তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি। গতকাল এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।
জি এম কাদের বলেন, গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দেশের আইসিইউর ৭৬ ভাগই ঢাকা বিভাগে। এর মধ্যে রাজধানীতেই ৭৩ ভাগ। আইইডিসিআরের তথ্যমতে জুনে করোনা শনাক্তের ৭৮ ভাগই ভারতীয় ভ্যারিয়েন্ট। তাই করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসিইউর চাহিদা বেড়েছে। কিন্তু সব জেলায় আইসিইউ না থাকায় কঠোর লকডাউনের মধ্যে করোনা রোগী নিয়ে এক জেলা থেকে অন্য জেলায় ছোটাছুটি করছেন স্বজনরা।
রাজধানীর সরকারি হাসপাতালগুলোর আইসিইউ ফাঁকা নেই বললেই চলে। তাই দ্রুতই বেসরকারি হাসপাতালের আইসিইউগুলো পূর্ণ হয়ে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলেছে—রোগী বাড়লে অক্সিজেন সরবরাহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। পরিস্থিতি আরো খারাপ হলে, আইসিইউর জন্য হাহাকার উঠবে। শঙ্কাজনক হারে বেড়ে যেতে পারে মৃত্যুর হার। জাপা চেয়ারম্যানের মতে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতায় ভয়াবহ ভবিষ্যতের দিকে করোনা পরিস্থিতি।