লকডাউনে দোকান খোলা রাখলে ট্রেড লাইসেন্স বাতিল : আতিক

লকডাউন উপেক্ষা করে দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখলে ট্রেড লাইসেন্স বাতিল করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। গতকাল বিজয় সরণি এলাকা পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। আতিকুল ইসলাম বলেন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকতে পারি তাহলেই সবাই মিলে ভালো থাকতে পারব। এ সময় সবার সচেতনতাই জরুরি। আর এই করোনাকালে সবার জন্য কাজ করে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। যদি কারও ত্রাণের প্রয়োজন হয় সেক্ষেত্রে ৩৩৩ নম্বরে কল দিলেই ত্রাণ পৌঁছে দেওয়া হবে।

এছাড়া নির্দিষ্ট সময়ের পর দোকানপাট কেউ খোলা রাখতে পারবে না। কেউ যদি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মেয়র আরো বলেন, ‘বিজয় সরণি মোড়ের যানজট নিরসনে আন্ডারপাস নির্মাণের পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এছাড়া সব মোড়ে কানেকটিভিটির মাধ্যমে কীভাবে যানজট নিরসন করা যায় সে ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করছি। পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।’