উত্সবকে ঘিরে আবার জেগে উঠল কান

বাংলাদেশের প্রথম নির্বাচিত চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ উত্সবে দেখানো হবে কাল

আবার জেগে উঠেছে কান। ভূমধ্যসাগরের তীরে এখন নবজাগরণ। কান চলচ্চিত্র উত্সবকে ঘিরে ফরাসি উপকূলবর্তী শহরটিতে আসতে শুরু করেছেন পৃথিবীর হেভিওয়েট তারকারা। তাদের সুবাদে ফের ছড়াবে লালগালিচার জৌলুশ। আজ বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিটে এই মহাযজ্ঞের পর্দা উঠবে।

কান উত্সবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনে এখন শোভা পাচ্ছে এই আয়োজনের ৭৪তম আসরের সুবিশাল অফিসিয়াল পোস্টার। এতে আমেরিকার কৃষ্ণাঙ্গ চলচ্চিত্র পরিচালক স্পাইক লিকে সম্মান জানানো হয়েছে। পোস্টারে দেখা যাচ্ছে, তার চশমা পরা কৌতূহলী চোখ। মাথায় রাখা টুপিতে কান উত্সবের সম্মানজনক লোগো। ৬৪ বছর বয়সি এই পরিচালকের আধো মুখখানার দুই দিকে কয়েকটি পামগাছ। শূন্যে উড়ছে তিনটি গাঙচিল। সাগরপাড়ের শহর কান মানেই পামগাছ ও গাঙচিল এবং রুপালি পর্দার সম্মিলন। অফিসিয়াল পোস্টারের স্থিরচিত্র নির্বাচনের কারণ এটাই। গতকাল অনেকে ভবনের সামনে দাঁড়িয়ে সেলফি তুলেছেন দিনভর। কানের বিভিন্ন সড়কে, বাড়ির দেওয়াল, পোশাক ও জুতার দোকান, হোটেলের লবি, সড়ক বিভাজকের গাছে চোখে পড়ছে অফিসিয়াল পোস্টার।

পালে দে ফেস্টিভ্যাল ভবনের তিনটি অংশের বহির্ভাগে নজর কাড়ছে সুবিশাল তিনটি অফিসিয়াল পোস্টার। ভবনের একপাশে গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের। মূল প্রতিযোগিতা বিভাগের চলচ্চিত্রগুলোর ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এই প্রেক্ষাগৃহে। এবারের আসরে স্বর্ণ পামের জন্য লড়বে ২৪টি ছবি। বিজয়ী তালিকা নির্বাচনে বিচারকদের প্রধান থাকছে স্পাইক লি। কানে জুরি প্রেসিডেন্ট হওয়া প্রথম কৃষ্ণাঙ্গ তিনিই।

লুমিয়ের থিয়েটারের পর রয়েছে মূল ফটক। এখানে আয়োজকদের কর্মীরা করোনা নেগেটিভ সনদ বারকোড স্ক্যানার দিয়ে পরখ করে দেখছেন। পালে দে ফেস্টিভ্যাল ভবনের ভেতরে সব পরিপাটি করে সাজানো। আজ থেকে সংবাদকর্মীদের জন্য বরাদ্দ করা প্রেস রুম এবং ছাদবারান্দা খুলে যাবে। ফ্রি ওয়াইফাই জোনও থাকছে। কিন্তু অন্যান্য বছরের মতো প্রেস বক্স নেই।

পালে দে ফেস্টিভ্যাল ভবনের মূল ফটকের পাশেই সাল দুবুসি থিয়েটার। অফিসিয়াল সিলেকশনের আরেক বিভাগ আঁ সার্তে রিগার ছবিগুলোর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় এই প্রেক্ষাগৃহে। আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ আগামীকাল সাল দুবুসিতেই দেখানো হবে। কানের অফিসিয়াল সিলেকশনে এটাই বাংলাদেশের প্রথম কোনো চলচ্চিত্র। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

প্রতি বছর সাধারণত মে মাসে কান উত্সব হয়ে থাকে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ১৪ মাস পর ফের বসতে যাচ্ছে ‘সিনেমার অলিম্পিক’। মহামারির সময়ে এটাই পরিপূর্ণ চলচ্চিত্র উত্সব। আয়োজকরা স্বাস্থ্যসুরক্ষার ব্যাপারে বেশ সতর্ক। উত্সবে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। ইউরোপের বাইরে থাকা আসা অংশগ্রহণকারীদের ৪৮ ঘণ্টা পরপর নমুনা পরীক্ষা করাতে হবে। তাই কোভিড সেন্টারে সারা দিনই সারি বেঁধে নমুনা দিয়েছেন অসংখ্য মানুষ।

তবে পালে দে ফেস্টিভ্যাল ভবনের ভেতরের প্রেক্ষাগৃহগুলোতে পাশাপাশি আসনে বসতে পারবেন দর্শকরা। কান উত্সবের পরিচালক থিয়েরি ফ্রেমো গতকাল সন্ধ্যায় সুরক্ষা প্রোটোকল নিয়ে সংবাদকর্মীদের বিস্তারিত জানিয়েছেন। মহামারির প্রেক্ষাপটে পরিবেশবিষয়ক বেশ কয়েকটি নতুন চলচ্চিত্র দেখাবে এবারের কান।

উত্সবে বিভিন্ন দেশের সংবাদকর্মীরা আসছেন। ব্যাজ সংগ্রহ করছেন। কানের ছবিবাজার মার্শে দ্যু ফিল্মে বিপণনের সম্ভাবনা তৈরি করতে আসছেন পেশাদার চলচ্চিত্রকর্মীরা। এছাড়া সাগরপাড়ে এখন পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো। কারণ গত ৩ জুলাই থেকে ফ্রান্সে শিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে। কানসৈকতে পরিবার নিয়ে ঘুরছেন অনেকে।