দ্য জংশনে দেশি পণ্যের মেলা ‘গো দেশি’

 

দেশীয় পণ্য ও কারিগরদের নিয়ে ঢাকার নিকেতনে দ্য জংশনের আয়োজন অনুষ্ঠিত হলো ‘গো দেশি’ নামে দেশীয় পণ্যের মেলা। গত জানুয়ারি ৩১ থেকে শুরু হয়ে এই মেলা শেষ হয়েছে গত ২ ফেব্রুয়ারি। তিনদিনব্যাপী এই মেলা চলেছে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলায় অংশ নেওয়া প্রতিটি পণ্য আমাদের নিজস্ব বাংলাদেশি শিল্পীদের হস্তনির্মিত। স্থানীয়ভাবে তৈরি কারুপণ্য প্রচার ও প্রসারের এটি দ্বিতীয় উদ্যোগ। আয়োজকরা আশা করছেন গত বছরের মতো এবারও অতিথিদের ব্যাপক সাড়া পাওয়া যাবে। দ্য জংশনের অপারেশন ম্যানেজার মেহরিন রহমান জানান, ‘আমরা গো দেশির মতো একটা আয়োজন করতে পেরে খুব আনন্দিত। দেশি ডিজাইনার, কারিগরদের কাজকে তুলে ধরা এবং মানসম্পন্ন দেশীয় পণ্য সবার কাছে পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য।’ গো দেশিতে থাকছে, প্রাকৃতিক রং ব্যবহার করা দেশি শাড়ি, হাতে তৈরি তৈজসপত্র, ব্লক-বাটিকের কাজ করা কাপড়, গহনা, হাতে করা সূচিকর্ম, অরগানিক খাবার, বই, রিকশা পেইন্ট, হ্যান্ডিক্রফটস, চামড়াজাত দ্রব্যাদি, পাটের তৈরি দ্রব্যাদি ইত্যাদি।  এছাড়া আয়োজনের তিনদিনব্যাপী আগত অতিথিদের জন্য ছিল বিশেষ র্যাফেল ড্র। মেলায় মোট স্টল ছিল ৩০টি। যার মধ্যে আছে স্বাক্ষর, শুকসারি, ফিউশন টার্মিনাল, পিউর বাংলাদেশ, জয়ী, সুরঞ্জনা শাড়ি, ধারা, ব্রাউন হোমস, বিবিস ক্লোজেট, স্মার্টিনার্ডি, চন্দন’স, মিমোসা অরগানিক সলিউশন, গ্রিফফিল্ড জুটেক্স, অহম, পিচ অ্যান্ড লেমন, প্রবর্তনা, মাদল, গাবা, ক্র্যাফটস অ্যান্ড কালারস, শখের ক্যানভাস, ইগনাইট, কেকে টি, মিনা হারবাল, কুকআপস, ক্যাফে অ্যানথ্রো, বাংলা ন্যাচারাল অ্যাগ্রো, রোল এক্সপ্রেস, যথাশিল্প, ফিউশন টার্মিনাল, লেজার ইনোসেন্ট ইত্যাদি।