পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, করোনা মহামারিতে লকডাউনের মধ্যে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছি। সারাদেশে নদীভাঙন কবলিত ঝুঁকি লকডাউনের মধ্যেও পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গত বছর পানি সম্পদ মন্ত্রণালয়ের ৪০টি প্রকল্প সমাপ্তির নির্ধারিত ছিলো। এরমধ্যে ৩৭টি প্রকল্পের কাজ ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। কাজের সমাপ্তির হার ৯২.৫ শতাংশ। এই করোনা মহামারিতেও হাজার হাজার শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা শতভাগ নিশ্চিত করে এসব প্রকল্পের কাজ এগিয়ে চলছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে সচিবালয়ে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশীদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
উপমন্ত্রী আরও বলেন, পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের সময়োপযোগী পদক্ষেপের কারণে বর্তমানে দেশে নদী ভাঙনের পরিমাণ সাড়ে ৩ হাজার হেক্টর। যা ২৫ বছর আগে সাড়ে ৯ হাজার হেক্টর। আর নদী রক্ষণাবেক্ষণের জন্য ড্রেজিং, নদীর পাড় উঁচুকরণ, প্রশস্তকরণ এবং নদীর পাড়ে বনায়নের কার্যক্রম অব্যাহত রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে যেখানে ক্ষতি হচ্ছে সেখানেই দ্রুত গতিতে কাজ চলছে। দেশে নতুন নতুন মেগা প্রকল্প হচ্ছে। প্রধানমন্ত্রী ঘোষিত ডেল্টাপ্লান-২১০০ এর ৮০ ভাগ কাজই করবে পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ড। সর্বোপরি এ মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে দেশের আর কোন নদীভাঙন ও জলাবদ্ধতার সমস্যা থাকবে না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিয়মিতই পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, আমি (উপমন্ত্রী) ও সচিব সংশ্লিষ্ট এলাকায় পরিদর্শন করছি, সংশ্লিষ্ট প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে প্রকল্পের কাজের তদারকি করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায়ই বলেন, “দেশের জনগণ যে আশা, আকাঙ্ক্ষা, বিশ্বাস ও স্বপ্ন নিয়ে চতুর্থবারের মতো আওয়ামীলীগকে ক্ষমতায় এনেছে। আমরা কর্মীর মতো কাজ করে সেই আশা, আকাঙ্ক্ষা, বিশ্বাস ও স্বপ্নের বাস্তবায়ন করবো।” সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ও আওয়ামী লীগ করোনা সংকট মোকাবিলায় যা যা করণীয় সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যেকটি মন্ত্রণালয় কাজ করে চলছে।
ইত্তেফাক/এমএএম