ফিলিপাইনে বিধ্বস্ত উড়োজাহাজের ব্ল্যাকবক্স উদ্ধার

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বিধ্বস্ত সামরিক উড়োজাহাজের ব্ল্যাকবক্স উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সিরিলিতো সোবেজানা। সোমবার (৫ জুন) এই ব্লাকবক্সটি উদ্ধার করা হয়।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা যায়, জেনারেল সিরিলিতো সোবেজানা বলেন, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার আগে পাইলট ও ক্রুদের মধ্যে কথোপকথন শোনার জন্য সেটি তদন্তকারীদের কাছে পাঠানো হবে। দুর্ঘটনায় উড়োজাহাজের প্রধান পাইলটও নিহত হয়েছেন।

ফিলিপাইনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহত ব্যক্তিদের প্রায় সবাই সেনাসদস্য। এ ছাড়া উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময় তিনজন সাধারণ মানুষ নিহত হয়েছেন। বিধ্বস্ত হওয়ার আগে উড়োজাহাজের অনেক যাত্রী লাফ দিয়ে বাঁচার চেষ্টা করেন বলে দাবি করেছেন অনেক প্রত্যক্ষদর্শী। তবে এমন কিছুই ঘটেনি বলে জানিয়েছেন সিরিলিতো সোবেজানা। তিনি বলেন, ভেঙে পড়ার পর উড়োজাহাজটির সামনের অংশ দ্বিখণ্ডিত হয়ে যায়।

গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে সুলু প্রদেশের জোলো শহরের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অনেকে। বিধ্বস্ত সি-১৩০ হারকিউলিস মডেলের ওই পরিবহন উড়োজাহাজটিতে ৯৬ জন আরোহী ছিলেন। 

৩০ বছরের মধ্যে ফিলিপাইনে এটি সবচেয়ে ভয়াবহ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা।

ইত্তেফাক/এএইচপি