পঞ্চম শ্রেণির বাড়ির কাজ:বাংলাদেশ ও বিশ্বপরিচয়

 

মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান কী ছিল? সে সময়ে দেশের মানুষের প্রিয় একটি গানের নাম লেখ। নারীরা কীভাবে মুক্তিযুদ্ধে ভূমিকা পালন করেন চারটি বাক্যে লেখ।                               

 

উত্তর:মুক্তিযোদ্ধাদের প্রিয় স্লোগান ছিল ‘জয় বাংলা’। সে সময়ে দেশের মানুষের প্রিয় একটি গানের নাম হলো ‘জয় বাংলা বাংলার জয়’।

চারটি বাক্যে মুক্তিযুদ্ধে নারীদের ভূমিকা—

i. অনেক নারী প্রশিক্ষণ নিয়ে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

ii. নারীরা মুক্তিযোদ্ধাদের তথ্য দিয়ে সাহস ও প্রেরণা যুগিয়েছেন।

iii. নারীরা আহত মুক্তিযোদ্ধাদের সেবা দিয়েছেন।

iv. মুক্তিযোদ্ধাদের খাদ্য ও আশ্রয়ের ব্যবস্থা করেছেন।

বুদ্ধিজীবী দিবস কবে? বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কেন? শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করার তিনটি উপায় লেখ।

উত্তর:প্রতিবছর ১৪ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস। পাকিস্তানি হানাদার বাহিনী এদেশকে মেধাশূন্য করার পরিকল্পনা করে। ১০ই ডিসেম্বর থেকে ১৪ই ডিসেম্বরের মধ্যে তারা আমাদের অনেক গুণী শিক্ষক, শিল্পী, সাংবাদিক, চিকিত্সক এবং কবি-সাহিত্যিকদের ধরে নিয়ে হত্যা করে। তাঁদের স্মরণে বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করার তিনটি উপায়—

i. শিক্ষক ও বিভিন্ন বইয়ের মাধ্যমে বুদ্ধিজীবীদের ইতিহাস সম্পর্কে জানবো।

ii. প্রতিবছর ১৪ই ডিসেম্বর বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করবো।

iii. রায়ের বাজার বধ্যভূমিতে শিক্ষা সফরে যাবো।

 ‘অপারেশন সার্চ লাইট’ কী? এটি সংঘটিত হয়েছিল কেন? অপারেশন সার্চ লাইটের চারটি ফলাফল লেখ।              

উত্তর:১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে প্রেসিডেন্ট ইয়াহিয়ার নির্দেশে পাকিস্তানি সেনাবাহিনী নিরীহ বাঙালিদের উপর আক্রমণ করে। এই আক্রমণের নাম দেওয়া হয়েছিল অপারেশন সার্চ লাইট।

অপারেশন সার্চ লাইট পরিচালিত হয়েছিল নিরীহ বাঙালিদের হত্যা করার জন্য।

অপারেশন সার্চ লাইটের চারটি ফলাফল হলো—

i. অনেক নিরীহ জনগণকে নির্বিচারে হত্যা করা হয়।

ii. নির্বিচারে লুটতরাজ ও ধরপাকড় করা হয়।

iii. মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়।

iv. দেশের বড় বড় শহরে আক্রমণ করে ব্যাপক ক্ষতি সাধন করা হয়।

মুক্তিযুদ্ধে কত লক্ষ বাঙালি শহীদ হন? ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয় কেন? পাঁচটি বাক্যে লেখ।                           

উত্তর:নয় মাসের মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ বাঙালি শহীদ হন।

১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করার কারণ—

i. শহীদদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য।

ii. তাঁদেরকে স্মরণ করার জন্য।

iii. মুক্তিযুদ্ধে তাঁদের অবদানের জন্য।

iv. তাঁদের পরিবারের প্রতি সহমর্মী হওয়ার জন্য।

v. বর্তমান প্রজন্মের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার জন্য।