বিদেশগামী কর্মীদের ‘আমি প্রবাসী’ ও ‘সুরক্ষা’ দুই অ্যাপেই নিবন্ধন করতে হবে

বিদেশগামী কর্মীদের সুরক্ষা অ্যাপে নিবন্ধনের আগে প্রবাসী কর্মী পরিচয় নিশ্চিত করার জন্য জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নিবন্ধন লাগবে। টিকা পেতে ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে দুই দফা নিবন্ধন করতে হবে। প্রথমটি বিএমইটি পরেরটি ‘সুরক্ষা’ অ্যাপের নিবন্ধন।

গত সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমি প্রবাসী অ্যাপের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত চার দিনে ২০ হাজার বিদেশগামী এভাবে নিবন্ধন করেছেন। আরও ১৫ হাজার নিবন্ধন শেষ করার প্রক্রিয়ায় আছেন।

বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত সেবা আরও সহজ ও ডিজিটালাইজড করার লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ৮ মে এই অ্যাপ চালু করে। অ্যাপের উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। বাংলা ট্র্যাক গ্রুপ অ্যাপটির কারিগরী সহায়তা দিচ্ছে ও বেসরকারি সংস্থা ব্র্যাক সাধারণ মানুষের কাছে পৌঁছানোর কাজটি করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘরে বসে যে কেউ এই নিবন্ধন করতে পারবেন। গুগলের প্লে-স্টোর থেকে আমি প্রবাসী অ্যাপটি নামানো যাবে। https://www. amiprobashi.com সাইটে গিয়েও অ্যাপটিতে নিবন্ধন করা যাবে।

প্রথম ধাপে নিজের মোবাইল নম্বর দিয়ে আমি প্রবাসীতে নিবন্ধন করতে হবে। দ্বিতীয় ধাপে নির্দেশনা অনুযায়ী পাসপোর্টটি স্ক্যান করতে হবে। এরপর প্রদত্ত তথ্য পাসপোর্ট ডাটাবেজের ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। সেই মেসেজ এলেই তৃতীয় ধাপে বিএমইটির নিবন্ধনটি করা যাবে। এই মেসেজ আসতে ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।

বিএমইটির নিবন্ধন হয়ে গেলেই প্রবাসীরা করোনা টিকা প্রাপ্তির লক্ষ্যে সুরক্ষা অ্যাপে গিয়ে পাসপোর্ট নম্বর দিয়ে টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। বিএমইটির নিবন্ধন করা থাকলে বয়স ৪০ বছর না হলেও প্রবাসী কর্মীরা সুরক্ষায় নিবন্ধনের সুযোগ পাবেন। এছাড়া বিএমইটি নিবন্ধন করা থাকলে সুরক্ষায় পাসপোর্ট নম্বর দেওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে সেটি যাচাই হয়ে যাবে। সুরক্ষা অ্যাপে নিবন্ধন হয়ে গেলে নির্ধারিত মোবাইল নম্বরে টিকা সেন্টার ও টিকা গ্রহণের তারিখ জানিয়ে দেওয়া হবে।