ন্যূনতম এসএসসি পাশ ইউপি সদস্য চাই

গ্রামাঞ্চলে ইউপি সদস্যদের সংক্ষেপে মেম্বার বলা হয়। একজন মেম্বার নির্বাচনি এলাকার একজন অভিভাবক হিসেবে কাজ করেন। এলাকার মানুষের দুঃখ-কষ্ট দেখভাল করা থেকে শুরু করে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়ার মাধ্যম হিসেবে কাজ করেন তিনি। এছাড়াও এলাকার  যাবতীয় বিবাদ-মীমাংসায় মুখপাত্র হিসেবে তিনি উপস্থিত থাকেন। স্থানীয় একজন জনপ্রতিনিধি হিসেবে ইউপি সদস্যের এ পদটি বেশ গুরুত্বপূর্ণ। কোনো এলাকার উন্নয়ন, শৃঙ্খলা নির্ভর করে সেই এলাকার  জনপ্রতিনিধির দায়িত্বশীলতার ওপর। এজন্য শিক্ষিত জনপ্রতিনিধির কোনো বিকল্প নেই। জনপ্রতিনিধি শিক্ষিত হলে নৈতিকতা, দায়িত্বশীলতা, জবাবদিহিতা, দক্ষতা ইত্যাদি গুণাবলির কারণে একটি আস্থার জায়গা সৃষ্টি হয়। যা নিরক্ষর বা অল্প শিক্ষিত জনপ্রতিনিধির দ্বারা সম্ভব নয়। সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন বহাল রাখার জন্য এ বিষয়টিতে নজর দেওয়া প্রয়োজন।  অবিলম্বে ইউপি সদস্যদের নূন্যতম শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাস করা হোক। এ বিষয়ে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করছি।

আ. রহমান দেওয়ান

রামগঞ্জ, লক্ষ্মীপুর