পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া মোবাইল ফোন ৩৭ দিনেও পুলিশ উদ্ধার করতে পারেনি। তবে সেটি চার হাত ঘুরে ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে। ইতিমধ্যে পুলিশ ছিনতাইকারী সন্দেহে চার জনকে গ্রেফতার করেছে। তাদের আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে কারাগারে।
পুলিশ জানায়, রাজধানীর বিজয় সরণি থেকে যে ব্যক্তি ফোনটি ছিনতাই করেছিল তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। তবে সে ফোনটি বিক্রি করেছিল এক জনের কাছে। এরপর হাতিরপুলের একটি দোকান থেকে আরো দুই বার হাত বদল হয়। এরপর সেখান থেকে এক জন ‘আইফোন-এক্স’ মডেলের ফোনটি কিনেছেন ৩০ হাজার টাকায়।
এ ব্যাপারে কাফরুল থানার এসআই ফরিদুল আলম বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় আমরা বেশ কয়েক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছি। ফোনটি কীভাবে কার কাছে আছে তা জানতে পেরেছি। আমরা আশা করছি ফোনটি উদ্ধার করতে পারব।’ মিরপুর বিভাগের উপ-কমিশনার আ স ম মাহাতাব উদ্দিন বলেন, মন্ত্রীর ফোনটি সর্বশেষ ৩০ হাজার টাকায় হাতিরপুলের একটি দোকান থেকে বিক্রি হয়েছে। তবে যার কাছে বিক্রি হয়েছে, তার ব্যাপারে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না। ঐ দোকানির কাছে সেই ব্যক্তির কোনো তথ্য নেই। যিনি সর্বশেষ ফোনটি কিনেছেন, তিনি তো চোর নন। সম্ভবত ভয়ে ফোনটি বন্ধ করে রেখেছেন তিনি।