করোনা পরিস্থিতিতে ঈদুল আজহা উপলক্ষ্যে গত বারের মতো এবারও কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চলাচল করবে। ১৭, ১৮ ও ১৯ জুলাই কোরবানির পশু পরিবহনের জন্য বিশেষ এ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম। তিনি জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ঢাকার মধ্যে এই ট্রেন চলবে। দেওয়ানগঞ্জ বাজার থেকে বেলা সাড়ে ৩টায় ট্রেনটি ছেড়ে কমলাপুর স্টেশনে পৌঁছাবে পরের দিন সকাল ৬টায়। একটি ট্রেনে ৪০০টি পর্যন্ত পশু পরিবহন করা যাবে। পাশাপাশি খুলনা এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় পশু পরিবহনের জন্য ট্রেন চলাচলের ব্যবস্থা রয়েছে। তবে ব্যবসায়ীদের আগ্রহ থাকলে এখান থেকেও স্পেশাল ট্রেন চালানো হবে। গত বছর পশু পরিবহন করা হয়েছে ময়মনসিংহ ও জামালপুর থেকে। এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে দেশের উত্তরাঞ্চলও। এ ছাড়া দুই বছর ধরে আম পরিবহনেও বিশেষ ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। গত বছর পশু পরিবহন করা হয়েছে ময়মনসিংহ ও জামালপুর থেকে। এবার এর সঙ্গে যুক্ত হচ্ছে দেশের উত্তরাঞ্চলও।