পঞ্চগড়ের সদর উপজেলার চাওয়াই নদীর ওপর নির্মিত কাঠের সাঁকোটি রবিবার ভেঙে পড়েছে। এতে সদর উপজেলার সাতমেড়া ও অমরখানা ইউনিয়নের মানুষকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে সাঁকোর খুঁটিতে কচুরিপানাসহ ময়লা জমে পানি চলাচলে প্রতিবন্ধকতা হলে নদীর পানির তোড়ে ভেঙে হেলে পড়ে। সাতমেরা ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান খান জানান, নদীর এই স্থানে ব্রিজ নির্মাণের জন্য স্থানীয় সংসদ সদস্য, এলজিইডিসহ বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে। সাঁকোটি ভেঙে পড়ায় মানুষ দুর্ভোগে পড়েছে। এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. শামসুজ্জামান জানান, ব্রিজ নির্মাণে সয়েল টেস্ট হয়ে গেছে। চলতি অর্থবছর টেন্ডার হবে।