চকরিয়ায় সড়কে ধস চলাচলে দুর্ভোগ

ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে চকরিয়ায় সড়ক ধসে গেছে। সড়কটি দিয়ে যাতায়াতকারী অন্তত ১২ হাজার বাসিন্দা চরম দুর্ভোগে পড়েছে। এলজিইডির আওতাধীন উপজেলার হারবাং ইউনিয়নের হারবাং-বারবাকিয়া সংযোগ সড়কের এই বেহাল অবস্থা। বিষয়টি জানতে পেরে কয়েক দিন আগে সড়কটি পরিদর্শন করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম। ঐ সময় তিনি সড়কটি সংস্কারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান। তিনি বলেন, সম্প্রতি ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হারবাং-বারবাকিয়া সংযোগ সড়কটি ভেঙে পুকুরে পরিণত হয়েছে। এতে অন্তত ১২ হাজার বাসিন্দা চরম দুর্ভোগে পড়েছে। তিনি বলেন, সড়ক ভেঙে যাওয়ার ঘটনাটি স্থানীয় সংসদ সদস্য আলহাজ জাফর আলম, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ সামসুল তাবরীজ ও উপজেলা এলজিইডির প্রকৌশলী কমল কান্তি পালকে জানানো হয়েছে। কয়েক দিন আগে সংসদ সদস্য জাফর আলম ঘটনাস্থল পরিদর্শনও করেছেন। তিনি সড়কটি সংস্কারে উদ্যোগ নিতে এলজিইডির প্রকৌশলীকে নির্দেশনাও দিয়েছেন।

জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) চকরিয়া উপজেলা প্রকৌশলী কমল কান্তি পাল বলেন, ‘ভারী বর্ষণ শুরু হওয়ার পর উজান থেকে পাহাড়ি ঢল নামলে পানির প্রচণ্ড ধাক্কায় হারবাং ইউনিয়নের হারবাং-বারবাকিয়া সংযোগ সড়কটি ভেঙে যায়। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সড়কটি দ্রুত মেরামতের জন্য অর্থ বরাদ্দ চেয়ে অগ্রাধিকার প্রকল্পের আওতায় নির্বাহী প্রকৌশলীর দপ্তর হয়ে ঊর্ধ্বতন বিভাগে পত্র পাঠানো হয়েছে।’ তিনি বলেন, ‘অর্থ বরাদ্দ নিশ্চিত হওয়ার পরই আমরা দ্রুত সড়কটি সংস্কারে কাজ শুরু করব।’