আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা
আক্কেলপুরে লকডাউনে বাইরে থেকে দোকানপাট বন্ধ থাকলেও ভেতরে ক্রেতা সমাগম। শাটার অর্ধেক খোলা রেখে দোকান চলে, পুলিশ প্রশাসনের উপস্থিতি টের পেলেই টপাটপ শাটার বন্ধ করে দেওয়া হচ্ছে। যখন প্রশাসনের লোকজন চলে যাচ্ছে তখন আবার দোকান খুলে জিনিসপত্র বিক্রি করছেন দোকানিরা। লকডাউনের ষষ্ঠ দিনে মঙ্গলবার আক্কেলপুর উপজেলার বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের এমনই কৌশলে দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা করতে দেখা গেছে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, আক্কেলপুরে প্রতিদিন যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে এখনই সচেতন না হলে, ভয়াবহ পরিস্থিতি হতে পারে। সবাইকে এখনই সচেতন হতে হবে। রায়কালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান বলেন, চলমান লকডাউন সফল করতে আমরা কাজ করছি। করোনা সংক্রমণ রোধ করতে সাধারণ জনগণ ও ব্যবসায়ীদের সরকারি বিধিনিষেধ মেনে সর্বোচ্চ সচেতন থাকার জন্য ইউনিয়ন পরিষদ ও আক্কেলপুর থানা যৌথভাবে কাজ করে যাচ্ছি। আক্কেলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম হাবিবুল হাসান বলেন, আমরা দিন-রাত কাজ করে যাচ্ছি। করোনা বেড়ে যাচ্ছে, আমাদের ভবিষ্যতের জন্য সচেতন হতে হবে। উপজেলা প্রশাসনের অভিযান সব সময় চলমান আছে।