তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
ফেসবুকে ফেক আইডির মাধ্যমে প্রতারণার ফাঁদ পেতে মোটা অঙ্কের টাকা আত্মসাতের ঘটনায় প্রদীপ ঘোষ (৫১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার তালা উপজেলার ঘোষনগরস্থ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে আত্মসাত্কৃত নগদ ১০ লাখ ৯৭ হাজার টাকা ও বিভিন্ন ডকুমেন্টস উদ্ধার করা হয়েছে। প্রদীপ ঘোষ তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ঘোষনগর গ্রামের সুবোধ ঘোষের ছেলে ও পার্শ্ববর্তী কপিলমুনি বাজারের চা বিক্রেতা।
যশোর জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রদীপ ঘোষ ফেসবুকে নিজেকে সৌমদীপ ঘোষ (সুসান্ত ঘোষ) নাম-পরিচয় দিয়ে একটি ফেক আইডি খুলে। সে নিজেকে জার্মান প্রবাসী পরিচয় দিয়ে জমি ক্রয়ের কথা বলে প্রতারণার মাধ্যমে প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা রীতা রানি দাসের কাছ থেকে গত জুন মাসে বিভিন্ন তারিখ ও সময়ে নগদ, বিকাশ ও চেকের মাধ্যমে মোট ২০ লাখ ৩০ হাজার টাকা গ্রহণ করে। এক পর্যায়ে ঐ শিক্ষিকা প্রতারিত হয়েছেন বুঝতে পেরে আত্মসাত্কৃত টাকাসহ অন্যান্য উপকরণগুলো উদ্ধারে ব্যর্থ হয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। পরে পুলিশ সোমবার তালার ঘোষনগরস্থ বাড়ি থেকে প্রদীপকে গ্রেফতার করে।