রংপুরে বাড়ছে মানুষের ভিড় ও চলাচল

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। বিভাগের দেড় কোটি মানুষের জন্য বিশেষায়িত ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে রোগী ভর্তি ও আইসিইউ বেড খালি নেই। এদিকে দেশ জুড়ে লকডাউন আরো সাত দিন বাড়লেও রংপুরে বেড়েছে মানুষের চলাচল ও বাজারগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। লকডাউনের ষষ্ঠ দিনে মঙ্গলবার ভিড় নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর তত্পরতার পরেও মানুষের চলাচল বেশি ছিল।

মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন জানান, নিম্ন আয়ের মানুষরা তাদের কাজে বের হওয়ায় একটু চলাচল বেড়েছে। তবে আমরা জীবিকা ও লকডাউনের কথা মাথায় রেখেই কাজ করছি।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, লকডাউন বাস্তবায়নে কাজ করছে প্রশাসন। আমরা বিভিন্ন স্থানে তদারকি করে মাস্ক না পরা ও অযৌক্তিক কারণে বের হওয়া লোকদের জরিমানা করছি।