গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
গৌরীপুরে সোমবার বিকালে এক পাইকারি বিক্রেতার দোকান থেকে বিপুল পরিমাণ বিএসটিআইয়ের অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ মালামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত ঐ ব্যাসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করে। পৌর শহরের মধ্যবাজার এলাকায় মেসার্স পাল ব্রাদার্স নামক ব্যবসা প্রতিষ্ঠান থেকে এসব মালামাল জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিদুর রহমান। সহকারী কমিশনার (ভূমি) মো. আবিদুর রহমান জানান, পাল ব্রাদার্সে মেয়াদ উত্তীর্ণ ও বিএসটিআইয়ের অনুমোদনহীন পণ্য পাওয়া গেছে। এসব নিম্নমানের পণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। ভোক্তা অধিকার আইনে তাদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সেনাবাহিনী ময়মনসিংহের একটি দল, গৌরীপুর থানা পুলিশ, গৌরীপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক (দায়িত্বপ্রাপ্ত) মো. শফিকুল ইসলাম শফিক।