উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ইরানী পাহাড়ে পাচারের জন্য মজুত রাখা ২১২ বস্তা চাল ও ৫০২ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ১৪ এপিবিএন পুলিশ সদস্যরা। মঙ্গলবার ভোররাতে এই বিপুল পরিমাণ ত্রাণের চাল ও তেল জব্দ করা হয়।
কক্সবাজার ১৪ এপিবিএন পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. নাঈমূল হক জানান, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ডব্লিউ-এর এ-ব্লক এলাকায় রোহিঙ্গাদের ত্রাণ পাচারের জন্য মজুত রাখার সংবাদ পেয়ে কক্সবাজার ১৪ এপিবিএন পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার ও ক্যাম্প কমান্ডার মো. শরিফুল ইসলামের নেতৃত্বে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের অফিসার ও ফোর্সের সমন্বয়ে বিশেষ টিম নতুন রাস্তার মাথায় পরিত্যক্ত দোকানে তল্লাশি চালায়। এ সময় মালিকবিহীন ২১২টি প্লাস্টিকের বস্তাভর্তি ৩ লাখ ৫ হাজার ২৮০ টাকা মূল্যের ৮ হাজার ৪৮০ কেজি আতপ চাল এবং ৬৭ হাজার ৭৭০ টাকা মূল্যমানের ৫০২ বোতল সয়াবিন তেল জব্দ করা হয়। এসব জব্দকৃত মালামাল ঐ ক্যাম্পের সিআইসি ইশতিয়াক আহম্মেদের নির্দেশনায় ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আরসিও অফিসের গুদামে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। চাল ও তেল জব্দের ঘটনায় ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়ারি করা হয়েছে।