জলঢাকায় ছয় ভারতীয় গরু জব্দ, আটক ৪

জলঢাকা উপজেলায় অবৈধ পথে আসা ছয়টি ভারতীয় গরু জব্দ করেছে পুলিশ। এ সময় চার গরু ব্যবসায়ীকে আটক করা হয়। সোমবার সন্ধ্যায় উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের ডিয়াবাড়ি গ্রাম থেকে গরুসহ তাদের আটক করে মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। আটক ব্যক্তিদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরা হলেন—উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের আরাজি শিমুলবাড়ি গ্রামের আমিজার রহমান, আলী হোসেন, নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার আটগাঁও এলাকার ইসমাইল হোসেন এবং ভদ্রগাহ এলাকার দাউদ হোসেন।

মীরগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুর রহিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান চালিয়ে গরুসহ তাদের আটক করা হয়। জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহাবুব হাসান, সহকারী কমিশনার (ভূমি) সিফাত মো. ইশতিয়াক ভূঞা অভিযানের নেতৃত্ব দেন। এ ঘটনায় তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে জলঢাকা থানায় মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানার ওসি মো. ফিরোজ কবির বলেন, ভারতীয় এসব গরু অবৈধ পথে আনা হয়েছিল। আটক ব্যক্তিদের মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।