ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেনের সময় বাড়ছে

আগামীকাল বৃহস্পতিবার থেকে ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেনের সময়ে এক ঘণ্টা যুক্ত হচ্ছে। বৃহস্পতিবার থেকে ব্যাংকের লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর শেয়ারবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। আগামী ১৪ জুলাই পর্যন্ত এ নিয়মে লেনদেন হবে। আর সাপ্তাহিক দুই দিন ছুটির সঙ্গে ১১ জুলাই রবিবারও ব্যাংক ও শেয়ারবাজার বন্ধ থাকবে। এমন সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে দুই নিয়ন্ত্রক সংস্থা।

দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে চলমান কঠোর বিধিনিষেধ আগামী ১৪ জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময়ে সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক ও শেয়ারবাজার। কঠোর লকডাউনের শুরু হয়েছিল বৃহস্পতিবার থেকে আজ বুধবার। করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় আরো এক সপ্তাহ কঠোর লকডাউন বাড়িয়েছে সরকার। বর্তমানে ব্যাংকিং সময় সকাল ১০টা থেকে দেড়টা পর্যন্ত। আর শেয়ারবাজারে লেনদেন সময় ১০টা থেকে ১টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে ব্যাংকের লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকাল ৪টা পর্যন্ত। এছাড়া বিধিনিষেধ চলাকালে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির সঙ্গে রবিবারও ব্যাংক বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন ‘করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধের মধ্যে ব্যাংকিং কার্যক্রম প্রসঙ্গে’ নতুন এ নির্দেশনা জারি করেছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করে সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে ব্যাংক স্বীয় বিবেচনায় প্রয়োজনীয় সংখ্যক শাখা খোলা রাখতে পারবে। এর আগে ৩০ জুন জারি করা ডিওএস সার্কুলার লেটার নং-২৭ এ প্রদত্ত অন্যান্য নির্দেশনাবলি অপরিবর্তিত থাকবে।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং লেনদেন বৃদ্ধির সঙ্গে সঙ্গে শেয়ারবাজারের লেনদেন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। আগামীকাল বৃহস্পতিবার থেকে শেয়ারবাজারে দুপুর ২টা পর্যন্ত লেনদেন হবে। এর আগে দেশে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউনে ব্যাংকিং লেনদেন কমিয়ে আনা হয়। যাতে করে শেয়ারবাজারের লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত কমিয়ে আনা হয়। যা এর আগে ছিল সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।