করোনা ভাইরাসের আতঙ্ককে সঙ্গী করেই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের এবারের আসর শেষের প্রান্তে চলে এসেছে। টুর্নামেন্টের শেষ তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে। যেখানে টিকিট যেন সোনার হরিণ হয়ে পড়েছে। ফুটবলপ্রেমীরা হুমড়ি খেয়ে পড়ছেন টিকিট কিনতে। হাত বদল হয়ে টিকিটের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। তবুও হন্যে হয়ে টিকিট খুঁজছেন সমর্থকরা।
স্বাগতিক ইংল্যান্ড দল ফাইনালে উঠলে টিকিটের দাম কয়েকগুণ বেড়ে যাবে বলেই আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে টিকিট পাওয়ার সহজ উপায় বাতলে দিলেন লন্ডনের মেয়র সাদিক খান। শর্ত একটাই করোনার ভ্যাকসিন নিতে হবে। অন্তত প্রথম ডোজ নেওয়ার আবেদন করেছেন, এমন কাগজপত্র দেখাতে হবে দর্শকদের।
টিকিট প্রার্থীদের উদ্দেশ্যে সাদিক খান বলেছেন, ‘আমি চেয়েছিলাম লন্ডনের বেশিসংখ্যক তরুণ ভ্যাকসিন গ্রহণ করুক। বুধবার থেকে মানুষ অনলাইনে প্রবেশ করে টিকিটের জন্য আবেদন করতে পারবে। ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছে—এমন প্রমাণ টিকিটের আবেদনের সঙ্গে দিতে হবে। লন্ডনে ১৮ বছর বয়সের বেশি ৬৩ শতাংশ মানুষ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। এটা ভ্যাকসিন গ্রহণের হার খুব কম। আমি সংখ্যাটা বাড়াতে চাই। এটা খুবই গুরুত্বপূর্ণ।’
করোনা মোকাবিলায় ভ্যাকসিনের গুরুত্ব উল্লেখ করে লন্ডনের মেয়র আরো বলেছেন, ‘আমরা ইতোমধ্যে দেখেছি ভাইরাসটির বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেখানে অনেক পার্থক্য গড়ে দিচ্ছে ভ্যাকসিন। আমরা বিধিনিষেধ প্রত্যাহার করব কি না, তা নির্ভর করছে আগামী দুই সপ্তাহের অবস্থার ওপর।’
উল্লেখ্য, আগামী ১১ জুলাই ওয়েম্বলিতে অনুষ্ঠিত হবে ইউরোর ফাইনাল।