টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অভিজ্ঞতা সুখকর নয়। বিদেশের মাটিতে রেকর্ডটা আরো বেশি বিবর্ণ। পাল্লেকেলেতে সর্বশেষ টেস্টে শ্রীলঙ্কার কাছে ২০৯ রানে হেরেছিল বাংলাদেশ। আট বছর পর জিম্বাবুয়ে সফরে গিয়েও তাই স্বস্তিতে নেই টাইগাররা। পূর্ণ শক্তির দল পেলেও অধিনায়ক মুমিনুল হকের কণ্ঠে জয়ের আশাবাদ খুব জোরাল নয়।
কারণ টেস্টে আত্মবিশ্বাসের অভাব সঙ্গে প্রত্যাশার চাপ। ক্রিকেটের মানচিত্রে কিছুটা পিছিয়ে পড়া অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ের কাছে হারলেই যে টাইগারদের পড়তে হবে সমালোচনার তোপে। দেশে-বিদেশে তাই গত কয়েক বছর ধরে জিম্বাবুয়ের বিরুদ্ধে একটা বাড়তি চাপসহ খেলতে নামে বাংলাদেশ। মুমিনুল তাই সতর্ক পদক্ষেপে জয়ের দিকে এগুতে চান। চাপ ভুলে আজ সিরিজের একমাত্র টেস্টে জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ দল। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। টি-স্পোর্টস, গাজী টিভি ম্যাচটি সম্প্রচার করবে।
একটি টেস্ট, পা হড়কানোর সুযোগ নেই বাংলাদেশের। কার্যত জিততেই হবে এমন সমীকরণ নিয়েই খেলতে হবে মুমিনুল বাহিনীকে। হাঁটুর ইনজুরির কারণে ম্যাচে তামিম ইকবালের খেলা অনিশ্চিত। তবে ম্যাচের দিন সকাল পর্যন্ত এ অভিজ্ঞ ওপেনারের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ দল। আঙুলের ইনজুরি কাটিয়ে মুশফিকুর রহিমের ম্যাচ খেলা নিশ্চিত। গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন মুমিনুল। বাংলাদেশ অধিনায়ক অবশ্য উত্ফুল্ল টেস্টে সাকিব আল হাসানকে ফিরে পেয়ে। গতকাল তিনি বলেছেন, ‘মুশফিক ভাই অবশ্যই খেলবে। আর সাকিব ভাই ফেরাতে দলের কম্বিনেশনটা খুব সহজ হয়। তখন একজন বোলার কম নিয়ে বেশি ব্যাটসম্যান খেলানোর সুবিধা থাকে।’
প্রতিপক্ষ যেমনই হোক বিদেশের মাটিতে জয়টাই সবচেয়ে প্রার্থিত। মুমিনুল বলেছেন, ‘শুধু জিম্বাবুয়ে না যে কোনো দলের সঙ্গেই যখন অ্যাওয়েতে খেলব তখন ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন দিকটাই ভালো করতে হয়। সেই সঙ্গে টিম ওয়ার্কটা খুব গুরুত্বপূর্ণ। এদিকটায় ভালো করলে আশা করি টেস্ট ম্যাচটা জিততে পারব।’ পরিসংখ্যানের পাতায় দুই দলই এখন সমান অবস্থায় আছে। ১৭ টেস্টে বাংলাদেশ ও জিম্বাবুয়ের সাতটি করে জয় আছে, ড্র ৩টি। আজ শুরু হতে চলা টেস্ট জিতে সাদা পোশাকে দুই দলের দ্বৈরথে এগিয়ে যাওয়ার সুযোগ উভয় দলের সামনে। গত বছর দেশের মাটিতে জিম্বাবুয়ের বিরুদ্ধে শেষ টেস্টে ইনিংস ও ১০৬ রানে জিতেছিল মুমিনুল বাহিনী। জিম্বাবুয়ের মাটিতেও ২০১৩ সালে শেষ টেস্ট জয়ের স্মৃতি টাইগারদের দখলে। সবকিছু ছাপিয়ে ম্যাচ জেতাটাই মুখ্য বাংলাদেশের জন্য।
বাংলাদেশ-জিম্বাবুয়ে
সিরিজের সময়সূচি
তারিখ ম্যাচ ভেন্যু
৭-১১ জুলাই একমাত্র টেস্ট হারারে
১৬ জুলাই প্রথম ওয়ানডে হারারে
১৮ জুলাই দ্বিতীয় ওয়ানডে হারারে
২০ জুলাই তৃতীয় ওয়ানডে হারারে
২৩ জুলাই প্রথম টি-২০ হারারে
২৫ জুলাই দ্বিতীয় টি-২০ হারারে
২৭ জুলাই তৃতীয় টি-২০ হারারে